ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিয়াদুর রহমান। এত দিন তিনি গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে বদলি করে তাঁকে ঢাকায় পদায়ন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সাত কর্মকর্তাকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। এই বদলির অংশ হিসেবে মো. জিয়াদুর রহমানকে গাজীপুর থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

