জেলা পর্যায়ের বিচারকদের সরকারি গাড়ি ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে আইন মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া বিচারকেরা তাঁদের কর্মস্থল জেলার বাইরে সরকারি গাড়ি নিতে পারবেন না।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। বিচার শাখা-৫ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
সিনিয়র সহকারী সচিব মো. সাইফুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না।
২৫ নভেম্বর প্রকাশিত এ নির্দেশনা জেলা পর্যায়ের বিচারকদের সরকারি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

