জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন ও আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা শাখাওয়াত মুনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন শাখাওয়াত মুনকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় তাঁদের ঘিরে ‘একটা একটা লীগ ধর’ স্লোগান দিতে শোনা যায়। একজন তাঁকে নাশকতার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে মুন বলেন, তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে দায়িত্বে আছেন।
ভিডিওতে আরও দেখা যায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এক ব্যক্তি তাঁকে চড় মারেন। পরে তাঁকে কান ধরতেও বাধ্য করা হয়।
অন্য একটি ভিডিওতে চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেনকে পুলিশ ভ্যানে তোলার পর মারধর করতে দেখা যায়। এ সময় উপস্থিত কয়েকজনকে মারধর না করার অনুরোধ জানাতে শোনা যায়।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগে তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

