গুম ও হত্যার পর লাশ নদী বা সমুদ্রে ফেলে দিয়ে অপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা হয়েছে বিভিন্ন দেশে। কিন্তু পানিতে ডুবিয়ে রাখা সব লাশ শেষ পর্যন্ত গোপন থাকেনি। আর্জেন্টিনার আটলান্টিক মহাসাগর থেকে বাংলাদেশের বলেশ্বর ও শীতলক্ষ্যা নদী, বিভিন্ন সময় ভেসে ওঠা লাশ উন্মোচন করেছে গোপন হত্যাকাণ্ডের তথ্য। এসব ঘটনা পরবর্তী সময়ে বিচারের পথও তৈরি করেছে।
আর্জেন্টিনার ডেথ ফ্লাইট
১৯৭৬ সালে জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলার নেতৃত্বে সামরিক জান্তা আর্জেন্টিনার ক্ষমতা দখল করে। এরপর বামপন্থী কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষার্থী ও ভিন্নমতাবলম্বীদের ওপর ব্যাপক দমন-পীড়ন শুরু হয়। বিরোধীদের হত্যা করে লাশ ও হত্যার প্রমাণ গোপন রাখতে সামরিক বাহিনী ‘ডেথ ফ্লাইট’ পদ্ধতি চালু করে।
গোপন আটক কেন্দ্রে বন্দীদের ধরে নিয়ে নির্যাতন করা হতো। হত্যার আগে তাঁদের বলা হতো, অন্য কারাগারে স্থানান্তর করা হবে। এ জন্য তাঁদের ইনজেকশন দেওয়া হতো। তবে ওই ইনজেকশনে উচ্চমাত্রার চেতনানাশক থাকত। এতে বন্দীরা অচেতন হয়ে পড়তেন।
এরপর তাঁদের সামরিক বিমান বা হেলিকপ্টারে তুলে রিও দে লা প্লাতা নদীর মোহনা কিংবা আটলান্টিক মহাসাগরের ওপর নেওয়া হতো। সেখানে জীবিত কিন্তু অচেতন বন্দীদের বিমান থেকে পানিতে ফেলে দেওয়া হতো।
জান্তা শাসনামলে গুম হওয়া প্রায় ৩০ হাজার মানুষের মধ্যে আনুমানিক চার থেকে পাঁচ হাজারকে ডেথ ফ্লাইটের মাধ্যমে হত্যা করা হয়েছিল বলে বিভিন্ন হিসাবে উল্লেখ করা হয়।
সমুদ্রতীরে ভেসে আসে লাশ
আর্জেন্টিনার সামরিক কর্মকর্তারা ধারণা করেছিলেন, স্রোতে লাশগুলো গভীর সমুদ্রে হারিয়ে যাবে। কিন্তু অনেক বিকৃত লাশ আর্জেন্টিনা ও উরুগুয়ের উপকূলে ভেসে আসে। এতে গোপন হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে আসে।
১৯৯৫ সালে আর্জেন্টিনার সাবেক নৌবাহিনী কর্মকর্তা অ্যাডলফো স্কিলিংগো প্রকাশ্যে স্বীকার করেন, তিনি নিজে দুটি ডেথ ফ্লাইটে অংশ নিয়েছিলেন। ওই দুই ফ্লাইটে ৩০ জন মানুষকে জীবিত অবস্থায় সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল বলে তিনি জানান।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০১৭ সালে আর্জেন্টিনার আদালত ডেথ ফ্লাইটে জড়িত ২৯ জন সাবেক সামরিক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দেশটির বিচারব্যবস্থায় এটি ছিল সর্বোচ্চ শাস্তি।
বাংলাদেশে গুম ও নদীতে লাশ ফেলার অভিযোগ
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রায় দেড় দশকের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর অনেককে গোপন বন্দিশালায় আটকে রাখা এবং হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, হত্যার পর পরিচয় গোপন করতে অনেকের লাশ নদী বা নির্জন স্থানে ফেলে দেওয়া হতো।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গুমের ঘটনাগুলো তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। কমিশনের প্রতিবেদনে গোপন বন্দিশালায় আটকে রাখা, নির্যাতন এবং হত্যার বিভিন্ন তথ্য উঠে আসে। এসব বন্দিশালার কয়েকটি ‘আয়নাঘর’ নামে পরিচিত।
অভিযোগ অনুযায়ী, লাশ যেন পানিতে ভেসে না ওঠে, সে জন্য পেট কেটে ইট বা পাথরের বস্তা বেঁধে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, মেঘনা ও তুরাগ নদীতে ফেলে দেওয়া হতো। তবে অনেক ক্ষেত্রে বিকৃত বা অর্ধগলিত লাশ নদীর তীরে ভেসে ওঠে। পরিবারের সদস্যরা পোশাক ও শারীরিক চিহ্ন দেখে এসব লাশ শনাক্ত করেন।
জিয়াউল আহসানের বিরুদ্ধে নৃশংস হত্যার অভিযোগ
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের ভয়াবহতা তুলে ধরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম তাঁকে ‘মনস্টার’ বলে অভিহিত করেছেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যার সময় রক্তের ছিটা এড়াতে বালিশ ব্যবহার করে মাথায় গুলি করা হতো। পরে লাশের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন নৃশংসতার বিবরণও আদালতে তুলে ধরেছে প্রসিকিউশন।
বলেশ্বর ও শীতলক্ষ্যা ফিরিয়ে দিয়েছে লাশ
জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় আর্জেন্টিনার ডেথ ফ্লাইটের প্রসঙ্গ টানেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
গত ২৬ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি বলেন, আর্জেন্টিনার সামরিক জান্তার ডেথ ফ্লাইটের মতো পদ্ধতি অনুসরণ করে এ দেশেও মানুষকে গুম ও হত্যার পর পেট কেটে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। কিন্তু নদীতে লাশ ফেলে দিলেই অপরাধের চিহ্ন মুছে যায়নি।
অ্যাটর্নি জেনারেল বলেন, আটলান্টিক মহাসাগর যেমন আর্জেন্টিনার নিহত ব্যক্তিদের লাশ ফিরিয়ে দিয়েছিল, তেমনি বলেশ্বর নদী বিডিআর সদস্য নজরুল ইসলামের লাশ ফিরিয়ে দিয়েছে। শীতলক্ষ্যা নদী ফিরিয়ে দিয়েছে নারায়ণগঞ্জের সাত খুনের শিকার ব্যক্তিদের লাশ। তাঁর ভাষ্য, নদীতে লাশ ভেসে ওঠার মধ্য দিয়ে এসব হত্যাকাণ্ডের সত্য সামনে এসেছে এবং বিচারের পথ তৈরি হয়েছে।
অপরাধ সমুদ্রসম, মৃত্যুদণ্ডও শিশিরবিন্দু
জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগের গুরুত্ব তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে। এসব ঘটনায় অসংখ্য পরিবার তাঁদের প্রিয়জনকে হারিয়েছে। কোনো শাস্তিই মৃত ব্যক্তিদের ফিরিয়ে দিতে পারবে না। কোনো রায় মায়ের কাছে সন্তান, স্ত্রীর কাছে স্বামী কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না।
তবে তাঁর মতে, অপরাধের বিচার হওয়া জরুরি। বিচার না হলে ভুক্তভোগী ও তাঁদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন এবং রাষ্ট্রব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যাবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, এমন নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সভ্যতা টিকে থাকা কঠিন। জিয়াউল আহসানের অপরাধ সমুদ্রের মতো বিশাল। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও সেই অপরাধের তুলনায় তা হবে কেবল শিশিরবিন্দু।
তবে এসব বক্তব্য রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের অংশ। মামলার অভিযোগ ও সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে ট্রাইব্যুনালই চূড়ান্ত রায় দেবেন।

