২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার একটু আগে বিভিন্ন কারাগার থেকে তাঁদের ট্রাইব্যুনালে আনা হয়। ৪১ আসামির মধ্যে গ্রেপ্তার হওয়া এই ১১ জনের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, আব্দুল লতিফ সিদ্দিকী, ডা. দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, এ কে এম শহীদুল হক, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে পলাতক আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হতে পারে।
এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে শাপলা চত্বরের ঘটনা নিয়ে করা মামলাটি বিচারিক প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে যায়।
মামলার নথি অনুযায়ী, শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
গ্রেপ্তার আসামিদের আজকের হাজিরা ও শুনানিকে কেন্দ্র করে মামলার পরবর্তী কার্যক্রমের দিকেই এখন নজর রয়েছে। বিশেষ করে পলাতক আসামিদের আদালতে হাজির করার বিষয়ে ট্রাইব্যুনাল কী নির্দেশ দেন, তা আজকের শুনানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

