ঢাকার মেট্রোরেল স্টেশন ও চলন্ত ট্রেনে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা নিশ্চিত করার দাবি জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জনস্বার্থে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ নোটিশ পাঠান বিইউবিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আইনজীবী এইচ এম রাশিদুল ইসলাম।
নোটিশে মেট্রোরেল এলাকায় প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের জন্য দেশের তিন মোবাইল অপারেটর—গ্রামীণফোন, বাংলালিংক ও রবি আজিয়াটাকে প্রয়োজনীয় অনুমতি ও সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, বর্তমানে প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন। কিন্তু চলন্ত ট্রেন ও বিভিন্ন স্টেশনে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে যাত্রীরা জরুরি প্রয়োজনে স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারছেন না। অনেক ক্ষেত্রে কল বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এতে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী ভোগান্তিতে পড়ছেন।
এ অবস্থায় মেট্রোরেলের স্টেশন ও চলন্ত ট্রেনে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

