শৈশবে যৌন নিপীড়নের শিকার হওয়ার ৪৫টি অভিজ্ঞতা উঠে এসেছে নতুন একটি অনলাইন প্ল্যাটফর্মে। ‘আওয়াজ ডট বিডি’ নামের প্ল্যাটফর্মটি চালুর প্রথম ২৪ ঘণ্টাতেই এসব অভিজ্ঞতা জমা পড়ে। ভুক্তভোগীদের বেশির ভাগই জানিয়েছেন, তাঁদের ওপর নিপীড়নের ঘটনা ঘটেছিল ৭ থেকে ১২ বছর বয়সের মধ্যে।
প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, ৬৩ শতাংশ ভুক্তভোগী বলেছেন, তাঁদের সঙ্গে একাধিকবার যৌন নিপীড়ন করা হয়েছে। ৩৮ শতাংশ জানিয়েছেন, তাঁরা দীর্ঘ সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন। অনেকের ক্ষেত্রে শুরুতে জোরপূর্বক এবং পরে ভয় দেখিয়ে নিপীড়ন চালানো হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর বিকেলে চালু হয় ‘আওয়াজ ডট বিডি’। শিশু বয়সে যৌন নিপীড়নের অভিজ্ঞতা বেনামিভাবে তুলে ধরার সুযোগ দেওয়াই প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য। এখানে কোনো নাম, ছবি বা পরিচয় প্রকাশ করা হয় না। প্ল্যাটফর্মটির দাবি, ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ বা তাঁদের গতিবিধি অনুসরণ করতে কোনো কুকি বা ট্র্যাকিং ব্যবস্থা ব্যবহার করা হয় না।
প্রাথমিকভাবে ছেলেশিশুদের যৌন নিপীড়নের ঘটনাগুলো সামনে আনার লক্ষ্য থাকলেও প্ল্যাটফর্মটি চালুর পর নারী ভুক্তভোগীরাও তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। জমা পড়া ৪৫টি অভিজ্ঞতার ৬৪ শতাংশই পুরুষ ভুক্তভোগীর।
প্ল্যাটফর্মটির উদ্যোগের সঙ্গে যুক্ত রাকিবুল হাসান ও সালাহউদ্দীন জাহাঙ্গীর। রাকিবুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে পড়াশোনা করেছেন এবং বর্তমানে অনলাইনে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। সালাহউদ্দীন জাহাঙ্গীর ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
রাকিবুল হাসান জানান, ছেলেশিশু ধর্ষণ, বিশেষ করে মাদ্রাসায় শিশুদের যৌন নিপীড়নের ঘটনা নিয়ে আলোচনার পর তাঁরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেন। তাঁদের উদ্দেশ্য কোনো হেল্পলাইন বা আইনি সহায়তা দেওয়া নয়; বরং বেনামি অভিজ্ঞতাগুলোকে এক জায়গায় এনে সমস্যাটির ব্যাপকতা তুলে ধরা এবং নীতিনির্ধারকদের ওপর সামাজিক চাপ তৈরি করা।
প্ল্যাটফর্মের তথ্য বলছে, শিশুদের যৌন নিপীড়নের ঘটনাগুলোর বড় একটি অংশ ঘটেছে পরিচিতজন ও আত্মীয়দের মাধ্যমে। ছেলেদের ক্ষেত্রে ৩২ শতাংশ ঘটনায় পরিচিত ব্যক্তি, ২৬ শতাংশে বিশ্বস্ত পরিচিত, ১৬ শতাংশে নিকটাত্মীয় এবং ১০ শতাংশে দূরসম্পর্কের আত্মীয় জড়িত থাকার কথা বলা হয়েছে। মেয়েদের ক্ষেত্রে দূরসম্পর্কের আত্মীয়ের মাধ্যমে নিপীড়নের হার ৪৩ শতাংশ।
সামগ্রিকভাবে প্রতি পাঁচজনের একজন জানিয়েছেন, পরিবারের সদস্যের মাধ্যমে তাঁরা নিপীড়নের শিকার হয়েছেন।
ঘটনাস্থলের ক্ষেত্রেও বাড়ি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে উঠে এসেছে। ৫৬ শতাংশ ঘটনা বাড়িতে ঘটেছে বলে জানানো হয়েছে। এর মধ্যে ৫৪ শতাংশ নিজের বাড়িতে, ১৯ শতাংশ অভিযুক্তের বাড়িতে এবং ১৫ শতাংশ নিজ আত্মীয়ের বাসায় ঘটেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানও শিশুদের জন্য পুরোপুরি নিরাপদ নয় বলে প্ল্যাটফর্মটির তথ্য থেকে দেখা যায়। ৩৬ শতাংশ ভুক্তভোগী শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন। এসব ঘটনার মধ্যে ৫৬ শতাংশ কওমি মাদ্রাসা এবং ১৯ শতাংশ স্কুলে ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মসজিদ, আলিয়া মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়েও নিপীড়নের ঘটনা উঠে এসেছে।
ভুক্তভোগীদের বর্ণনায় সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলোর একটি হলো—অনেকেই শৈশবের সেই অভিজ্ঞতার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেননি। কেউ জানিয়েছেন, বহু বছর পরও ঘটনাগুলো মনে পড়লে ভয় ও অস্বস্তি তৈরি হয়। আবার কেউ বলেছেন, শৈশবে নিপীড়নের শিকার হওয়ার পর পরবর্তী জীবনে তাঁর আচরণেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।
ভুক্তভোগীদের কয়েকজন অভিভাবকদের আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন। তাঁদের অভিজ্ঞতায় দেখা যায়, আত্মীয়স্বজন বা পরিচিত মানুষের প্রতি অতিরিক্ত বিশ্বাস এবং শিশুর আচরণে পরিবর্তনকে গুরুত্ব না দেওয়ার কারণে অনেক ঘটনা দীর্ঘদিন আড়ালে থেকেছে।
শিশুদের ওপর যৌন নিপীড়নের দীর্ঘমেয়াদি প্রভাবের বিষয়ে ‘শিশুরাই সব’ সংগঠনের আহ্বায়ক লায়লা খন্দকার বলেন, যৌন নিপীড়নের অভিজ্ঞতা শিশুর স্বাভাবিক জীবনকে দীর্ঘদিন প্রভাবিত করতে পারে। ভবিষ্যতে সম্পর্ক ও পারিবারিক জীবনেও এর প্রভাব পড়তে পারে।
তিনি মনে করেন, শিশুদের নিরাপত্তার জন্য ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য পরিবেশে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি। একই সঙ্গে শিশুদের ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে ধারণা দিতে হবে, যাতে তারা ভয় ছাড়াই মা-বাবা বা শিক্ষকদের কাছে অভিযোগ জানাতে পারে।
লায়লা খন্দকারের মতে, শিশুদের ওপর যৌন নিপীড়ন এখন আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বিষয়টিকে জাতীয় সংকট হিসেবে বিবেচনা করে সরকারকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে নেতৃত্ব দিতে হবে এবং অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।
‘আওয়াজ ডট বিডি’র প্রথম ২৪ ঘণ্টার তথ্য কোনো পূর্ণাঙ্গ জাতীয় পরিসংখ্যান নয়। তবে বেনামি এসব অভিজ্ঞতা শৈশবে যৌন নিপীড়নের একটি অদৃশ্য বাস্তবতার দিকে ইঙ্গিত করছে—যেখানে অপরাধী অনেক সময় অপরিচিত কেউ নন, বরং শিশুর পরিচিত বা বিশ্বাসের মানুষ।

