গভীর রাতে স্বামীর কাছে মাদক কেনার তিন হাজার টাকা দিতে রাজি হননি পোশাকশ্রমিক নাসিমা আক্তার। এর খেসারত দিতে হয়েছে প্রাণ দিয়ে। দুই শিশুসন্তানের চোখের সামনেই ছুরিকাঘাতে খুন হন ২৭ বছর বয়সী এই নারী। দেশে মাদকের বিস্তার এখন কতটা গভীর হয়েছে এবং তা কীভাবে সমাজে সহিংসতার জন্ম দিচ্ছে, নাসিমার মৃত্যু তারই একটি করুণ উদাহরণ। খুন, ছিনতাই, পারিবারিক নির্যাতন কিংবা এলাকা দখলের সংঘর্ষ—নানা অপরাধের পেছনে ঘুরেফিরে উঠে আসছে মাদকের প্রসঙ্গ।
গত ১৩ জুলাই ভোররাতে গাজীপুরের শ্রীপুরে ঘটে এই হত্যাকাণ্ড। অভিযোগ ওঠে, নাসিমার স্বামী ছায়েদুল ইসলাম মাদকের টাকা না পেয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন। পরে তৎকালীন র্যাব তাঁকে গ্রেপ্তার করে। সংস্থাটি জানায়, মাদক কেনার অর্থ দিতে অস্বীকার করাই ছিল খুনের কারণ।
ঘটনাটি একক নয়। দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা অপরাধের নেপথ্যে মাদক কেনার টাকা, অবৈধ মাদক ব্যবসার নিয়ন্ত্রণ কিংবা মাদকসংক্রান্ত বিরোধের তথ্য মিলছে। কোথাও স্বজনের কাছে টাকা চেয়ে না পেয়ে হামলা হয়েছে, কোথাও মাদক বিক্রির এলাকা দখল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। আবার মাদক ব্যবসার বকেয়া টাকা আদায়ের বিরোধে গুলি পর্যন্ত চলেছে।
চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত একটি জাতীয় গবেষণা মাদকের বিস্তারের ব্যাপকতা তুলে ধরেছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও একটি পরামর্শক প্রতিষ্ঠানের যৌথ এই গবেষণা অনুযায়ী, দেশে আনুমানিক ৮১ লাখ ৯৪ হাজার মানুষ মাদক ব্যবহার করেন, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। ব্যবহারকারীদের প্রায় ৯০ শতাংশ জানিয়েছেন, তাঁদের কাছে মাদক পাওয়া সহজ। গবেষণার হিসাবে, বছরে মাদকের পেছনে দেশের মানুষ আনুমানিক ৫৯ হাজার কোটি টাকা খরচ করেন। একজন ব্যবহারকারীর মাসিক গড় ব্যয় প্রায় ছয় হাজার টাকা।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে গবেষণাটি পরিচালিত হয়। আট বিভাগের ১৩ জেলা ও ২৬ উপজেলার পাঁচ হাজার ২৮০ জনের কাছ থেকে তথ্য নিয়ে বিশেষ পরিসংখ্যান পদ্ধতিতে জাতীয় চিত্র অনুমান করা হয়।
একসময় মাদকের আলোচনায় মূলত সীমান্তবর্তী এলাকা ও বড় শহরের নাম আসত। এখন সেই চিত্র বদলেছে। গবেষণা বলছে, আট বিভাগেই বিপুলসংখ্যক মানুষ মাদকে আসক্ত। সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ শীর্ষে, সেখানে ব্যবহারকারী প্রায় ২২ লাখ ৯০ হাজার। চট্টগ্রামে প্রায় ১৮ লাখ ৮০ হাজার এবং রংপুরে প্রায় ১০ লাখ ৮০ হাজার মানুষ মাদক নেন। তবে জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে ময়মনসিংহ ও রংপুর। ময়মনসিংহে এই হার ৬ দশমিক ০২ শতাংশ, রংপুরে ৬ শতাংশ আর চট্টগ্রামে ৫ দশমিক ৫০ শতাংশ। রাজশাহীতে হার ২ দশমিক ৭২ শতাংশ। অর্থাৎ ঘনবসতিপূর্ণ শহরেই সমস্যা সীমিত নয়, তুলনামূলক কম নগরায়িত এলাকাতেও মাদক গভীরে শিকড় গেড়েছে।
প্রথম আলোর প্রতিবেদক চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের ১০ জেলার ২৫ উপজেলা ঘুরে দেখেছেন। সেখানে প্রত্যন্ত গ্রামেও মাদক কেনাবেচার তথ্য মিলেছে। কিছু এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। কিছু ক্ষেত্রে পুলিশের কয়েকজন সদস্যের সহযোগিতার অভিযোগও উঠেছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, খুন, হামলা বা সংঘর্ষের কারণ খুঁজতে গেলে বারবার মাদক কেনার অর্থ ও অবৈধ ব্যবসার বিরোধ সামনে আসছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যে দেখা যায়, দেশে মাদকের বিস্তারের সঙ্গে আন্তসীমান্ত পাচার ও অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। মিয়ানমার সীমান্ত দিয়ে প্রধানত ইয়াবা ও আইস ঢোকে। কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও আশপাশের সীমান্ত এবং উপকূলীয় এলাকা পাচারের গুরুত্বপূর্ণ পথ। ভারত সীমান্তঘেঁষা বিভিন্ন জেলা দিয়ে ঢোকে ফেনসিডিলসহ অন্যান্য মাদক। সড়ক, নদী ও অন্য যোগাযোগপথে এসব মাদক ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে।
মামলা ও জব্দের হিসাবে রাজধানী ঢাকা দেশের অন্যতম বড় মাদকের বাজার। গত ১৭ আগস্ট কক্সবাজার থেকে ঢাকার পথে থাকা একটি বিলাসবহুল গাড়ি কুমিল্লায় আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। গাড়িতে মিলেছে তিন লাখ ইয়াবা বড়ি। গাড়িটি চট্টগ্রাম হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে রাজধানীর দিকে যাচ্ছিল। কক্সবাজার সীমান্তে গত ছয় মাসে ছয়টি বড় অভিযানে প্রায় ২৭ লাখ ইয়াবা উদ্ধার হয়েছে। এর পাঁচটি চালানের গন্তব্য ছিল ঢাকা। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ঢাকা থেকেই এসব মাদক দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।
আইন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে মাদক অপরাধের এক লাখ ৬৬ হাজার ৩৩৩টি মামলা বিচারাধীন। এর মধ্যে ঢাকা মহানগরেই প্রায় ২২ হাজার এবং চট্টগ্রাম মহানগরে ১৫ হাজারের বেশি। অর্থাৎ সীমান্তবর্তী জেলা, সরবরাহের মূল পথ ও বড় শহরগুলোতে গুরুতর মাদক মামলার সংখ্যা তুলনামূলক বেশি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেন, দেশে মাদকের চাহিদা বাড়ছে এবং বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকে তা সারা দেশে ছড়িয়ে পড়ছে। তাঁর মতে, সামাজিক অবক্ষয় ও পারিবারিক সচেতনতার অভাব এর বড় কারণ। অনেক অভিভাবক জানেন না, সন্তান কাদের সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কীভাবে সময় কাটাচ্ছে। ফলে অল্প বয়সেই অনেকে মাদকে জড়িয়ে পড়ছে। তিনি মনে করেন, চাহিদা কমাতে পারলে সরবরাহ আপনিই কমে আসবে; শুধু অভিযান চালিয়ে মাদকের বিস্তার ঠেকানো সম্ভব নয়।
অপরাধের পেছনে মাদক: ২১ ঘটনার চিত্র-মাদক নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন সংস্থার তথ্যমতে, দেশের ৮০ শতাংশ অপরাধের নেপথ্যে কোনো না কোনোভাবে নেশাজাতীয় দ্রব্য থাকে। প্রথম আলো ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত খুন, কুপিয়ে জখম, গুলিবর্ষণ, হামলা ও সংঘর্ষের মতো ৩০টি বাছাই করা ঘটনা বিশ্লেষণ করেছে। তাতে দেখা গেছে, ২১টি ঘটনার পেছনে মাদকের সংশ্লিষ্টতা আছে।
এই ২১টির মধ্যে ১৭টিই হত্যাকাণ্ড, যেখানে মোট ২৩ জন প্রাণ হারিয়েছেন। যশোরের একটি সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। ফেনীতে মাকে হত্যার সময় আহত হয়েছেন বাবা ও বোন। হত্যাকাণ্ডগুলোর মধ্যে আটটিতে ধারালো অস্ত্র, চারটিতে আগ্নেয়াস্ত্র এবং দুটিতে মারধর ব্যবহার করা হয়েছে। কিছু ঘটনায় একাধিক পদ্ধতি ছিল। অন্য ঘটনাগুলোর মধ্যে একটিতে গুলির অভিযোগ, একটিতে শিশুকে ছুরির মুখে রেখে টাকা দাবি এবং আরেকটিতে ডাকাতির অভিযোগের পাশাপাশি ইয়াবা লেনদেনের বিরোধের তথ্য মিলেছে। অনুসন্ধানে দুটি যোগসূত্র সবচেয়ে স্পষ্ট। একটি মাদক কেনার টাকার প্রয়োজন, অন্যটি মাদক ব্যবসার আয় ও আধিপত্য নিয়ন্ত্রণের লড়াই।
প্রথম ধরনের উদাহরণ গাজীপুরের নাসিমা হত্যা। এ বছরের ১০ এপ্রিল খুলনার রূপসায় মা মিম্মি বেগমকে হত্যার অভিযোগ ওঠে তাঁর ছেলের বিরুদ্ধে। পুলিশ ও স্বজনদের ভাষ্য, মাদকের টাকা না পেয়ে ছেলে মায়ের ওপর হামলা চালান। তবে এ ধরনের অপরাধ কেবল পরিবারের গণ্ডিতে আটকে নেই। চুরি, ছিনতাই কিংবা ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনার পেছনেও মাদকের টাকার চাহিদা কাজ করছে। কখনো সামান্য লেনদেনের জের ধরেও প্রাণঘাতী ঘটনা ঘটছে। গত বছরের ৬ আগস্ট রাজধানীর বংশালে বাকিতে দুটি ইয়াবা না পেয়ে হীরা নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। মামলার নথি অনুযায়ী, জীবন মিয়া নামের একজন বাকিতে ইয়াবা চেয়েছিলেন। হীরা রাজি না হওয়ায় বিরোধ বাধে, যার পরিণতি খুন।
দ্বিতীয় ধরনের ঘটনায় উদ্দেশ্য টাকা জোগাড় নয়, বরং মাদক বাজারের দখল ও আয়ের নিয়ন্ত্রণ। গত বছরের ১১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় কিশোর শাহ আলম। পুলিশ বলছে, ক্যাম্পে দীর্ঘদিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে এ নিয়ে বিরোধ চলছিল। গত ৭ আগস্ট পল্লবীতে মাদক ব্যবসার ১৫ লাখ টাকা পাওনা নিয়ে বিরোধে গুলি চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার হয়। খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহসহ আরও কয়েকটি এলাকাতেও মাদক ব্যবসার অর্থ, চাঁদাবাজি ও স্থানীয় আধিপত্য নিয়ে সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে।
অপরাধবিজ্ঞানে মাদক ও সহিংসতার সম্পর্ক নিয়ে একটি বহুল স্বীকৃত তত্ত্ব আছে। মার্কিন গবেষক পল জে গোল্ডস্টেইন ১৯৮৫ সালের এক গবেষণায় এ সম্পর্ককে তিনভাবে ব্যাখ্যা করেছেন। এক, কিছু মাদকের সরাসরি মানসিক বা শারীরিক প্রভাবে মানুষ সহিংস হয়ে উঠতে পারে। দুই, মাদক কেনার টাকা জোগাড় করতে গিয়ে কেউ অপরাধে জড়ান। তিন, অবৈধ মাদক ব্যবসা, সরবরাহ ও অর্থের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত বাধে। অপরাধবিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশের সাম্প্রতিক আলোচিত অপরাধেও এই তিন ধরনের যোগসূত্র দেখা যাচ্ছে।
সরকারি তথ্য বলছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে মাদকের মামলা হয়েছে চার লাখ ৩৫ হাজার ৩৪৭টি। এতে আসামি করা হয়েছে পাঁচ লাখ ৪৭ হাজার ৪৩৯ জনকে। একই সময়ে বিভিন্ন সংস্থা উদ্ধার করেছে ২০ কোটি ৮৩ লাখের বেশি ইয়াবা, পাঁচ লাখ ২৪ হাজার কেজির বেশি গাঁজা, দুই হাজার ১৪৯ কেজির বেশি হেরোইন, ১৬৩ কেজির বেশি কোকেন এবং ২৬ লাখের বেশি বোতল ফেনসিডিল।
এত উদ্ধারের পরও মাদকের সরবরাহ কতটা নিয়ন্ত্রণে এসেছে, সেই প্রশ্ন থেকেই যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র বলছে, দেশে ঢোকা মাদকের প্রায় ৮০ শতাংশই উদ্ধার করা যায় না। অর্থাৎ চোরাচালানের সর্বোচ্চ ২০ শতাংশ ধরা পড়ে। অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, গত বছর ইয়াবাসহ অ্যামফেটামিনজাতীয় উত্তেজক বড়ি উদ্ধার হয়েছে চার কোটি ৩৫ লাখ ৬২ হাজার ৮১১টি। আগের বছর এই সংখ্যা ছিল দুই কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৭৫১। এক বছরে উদ্ধার বেড়েছে প্রায় ৯১ শতাংশ। তবে বিশেষজ্ঞদের মতে, উদ্ধারের পরিমাণ বাড়া-কমা দিয়ে সব সময় মাদক ব্যবহারের প্রবণতা মাপা যায় না।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান বলেন, বিশাল বাজারের কারণে কারবারিরা সর্বোচ্চ মুনাফার আশায় এই ব্যবসায় নামছেন। খুচরা বিক্রেতাদের ধরা তুলনামূলক সহজ, কিন্তু মূল কারবারিদের শনাক্তে পুলিশের সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও আছে। পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদক-সম্পৃক্ততার অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অভিযানের পর সবচেয়ে বড় সংকট তদন্ত ও বিচার নিয়ে। গত সেপ্টেম্বরের শেষ দিকের আদালতসংক্রান্ত তথ্য অনুযায়ী, ৬৪ জেলার আদালতে প্রায় চার লাখ ৪৬ হাজার মাদক মামলা বিচারাধীন। এর মধ্যে পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ডের সম্ভাবনা আছে, এমন মামলা এক লাখ ৬৬ হাজারের বেশি। অথচ মাদক মামলার বিচার দ্রুত শেষ করতে আইনে সময়সীমা বেঁধে দেওয়া আছে।
তদন্তের মান নিয়েও গুরুতর প্রশ্ন আছে। প্রথম আলোর আগের একটি অনুসন্ধানে ২৬ জেলার আদালত থেকে ৫০০ মাদক মামলার রায় পর্যালোচনা করা হয়। দেখা যায়, ২৯৬টি মামলায় সব আসামি খালাস পেয়েছেন, সাজা হয়েছে ২০৪টিতে। অর্থাৎ ৫৯ দশমিক ২ শতাংশ মামলায় অভিযোগ প্রমাণ হয়নি। খালাসের কারণ হিসেবে উঠে এসেছে নিরপেক্ষ সাক্ষীর অভাব, জব্দতালিকার অসংগতি, ত্রুটিপূর্ণ এজাহার, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য না দেওয়া এবং রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন নিয়ে প্রশ্ন। আরও গুরুত্বপূর্ণ তথ্য হলো, ওই ৫০০ মামলার একটিতেও মাদকসহ ধরা পড়া ব্যক্তিদের বাইরে অর্থদাতা, পৃষ্ঠপোষক বা বড় সরবরাহকারীকে শনাক্তের তথ্য পাওয়া যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব হিসাবেও খালাসের হার বেশি। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সংস্থাটির করা এক লাখ ২২ হাজার ৪২২ মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৩ হাজার ৩৭৬টি। এর মধ্যে সাত হাজার ৫৩৯টিতে আসামিরা খালাস পেয়েছেন, যা নিষ্পত্তি হওয়া মামলার ৫৬ দশমিক ৩৬ শতাংশ।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাক্ষীরা হাজির না হওয়ায় অনেক আসামি ছাড়া পান। বিশেষ করে জব্দতালিকার ভাসমান সাক্ষীদের পরে আর খুঁজে পাওয়া যায় না। আবার ছবি, ভিডিও ও সিসিটিভি ফুটেজের মতো ডিজিটাল প্রমাণ সংরক্ষণ ও আদালতে উপস্থাপনে তদন্তসংশ্লিষ্টদের একধরনের অনীহা দেখা যায়। এতে অনেক আসামি পার পেয়ে যান।
মাদক নিয়ন্ত্রণের প্রধান আইনি কাঠামো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। মাদকের ধরন, পরিমাণ ও অপরাধের প্রকৃতি অনুযায়ী এতে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের বিধান আছে; গুরুতর কিছু অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। চলতি বছরের জুলাইয়ে আইনটি সংশোধন করা হয়েছে। নতুন বিধানে সাইবার স্পেস ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদক কেনাবেচা, সরবরাহ, প্রচার ও লেনদেনকে অপরাধের আওতায় আনা হয়েছে। গুরুতর মাদক মামলার দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও সুযোগ রাখা হয়েছে। সেই ভিত্তিতে গত সেপ্টেম্বরে সরকার ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করে।
তবে আইন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, অক্টোবর পর্যন্ত এসব ট্রাইব্যুনালের জন্য আলাদা বিচারক পদ তৈরি হয়নি। বিদ্যমান বিচারকদের অতিরিক্ত দায়িত্ব দিয়েই কাজ চালানো হচ্ছে। এ ছাড়া মাদক ব্যবসার অর্থদাতা, মূল সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কতগুলো মামলা হচ্ছে, কতজন সাজা পাচ্ছেন এবং কত টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে, তার কোনো সমন্বিত তথ্য পাওয়া যায়নি।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, মাদক বহনকারী বা খুচরা বিক্রেতাকে ধরলেই সমস্যার সমাধান হবে না। একজন ধরা পড়লে তাঁর জায়গায় আরেকজন আসেন। অনেকে জামিনে বেরিয়ে আবার একই অপরাধে জড়ান। তাঁর ভাষ্য, মাদক এখন গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি মহামারির রূপ নিয়েছে। তাই মাদকের উৎসমুখই বন্ধ করতে হবে।
সব মিলিয়ে চিত্রটি স্পষ্ট। সরবরাহ ও চাহিদা দুটিই বাড়ছে, অভিযানের সংখ্যাও কম নয়, অথচ মূল হোতারা অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। দুর্বল তদন্ত, মন্থর বিচার ও পারিবারিক-সামাজিক সচেতনতার ঘাটতির মধ্য দিয়ে মাদক এখন কেবল নেশার সমস্যা নয়, হয়ে উঠেছে জননিরাপত্তার গুরুতর হুমকি।

