দেশের জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘উপায়’-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন শ্যামল বরন দাশ। ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক খাতে তার রয়েছে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা।
দীর্ঘ কর্মজীবনে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ব্যাংকিং, রিটেইল ও এসএমই সলিউশন, এজেন্ট ব্যাংকিং এবং কার্ড সার্ভিস খাতে তার অভিজ্ঞতা উল্লেখযোগ্য।
‘উপায়’-এ যোগ দেওয়ার আগে দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন শ্যামল বরন দাশ। তিনি ‘নগদ’-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা, ব্র্যাক ব্যাংকের প্রধান ডিজিটাল কর্মকর্তা এবং ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করেন তিনি।
ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন এবং দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রেও তার সাফল্যের কথা উল্লেখ করা হয়েছে। আর্থিক প্রযুক্তিভিত্তিক সেবাকে আরও কার্যকর ও গ্রাহকবান্ধব করতে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি নেতৃত্ব দিয়েছেন।
শিক্ষাজীবনে শ্যামল বরন দাশ ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের রয়্যাল হলোওয়ে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া হার্ভার্ড, অক্সফোর্ড, এমআইটি, কর্নেল এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পেশাগত ডিগ্রি ও সনদ অর্জন করেছেন তিনি।
ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড, যা ‘উপায়’ পরিচালনা করে, তাদের পরিচালনা পর্ষদ নতুন সিইওকে স্বাগত জানিয়েছে। পর্ষদের প্রত্যাশা, শ্যামল বরন দাশের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও আধুনিক ও উদ্ভাবনী সেবা নিয়ে গ্রাহকদের সামনে হাজির হবে এবং ডিজিটাল আর্থিক খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।

