দেশের কৃষি খাতে সার সরবরাহ স্বাভাবিক রাখতে কানাডা ও সৌদি আরব থেকে সার আমদানি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সার কেনার উদ্যোগ নিয়েছে সরকার। তিনটি পৃথক প্রস্তাবের আওতায় মোট ১ লাখ ১০ হাজার টন সার সংগ্রহে ব্যয় হবে প্রায় ৫৪৩ কোটি ৪ লাখ টাকা। এসব প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় সার কেনার প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, সরকার থেকে সরকার চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৪০ হাজার টন মিউরেট অব পটাশ সার আমদানির প্রস্তাব করা হয়েছে। নবম চালানের আওতায় এই সার কেনা হবে। এতে সরকারের ব্যয় হবে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার। এ ক্ষেত্রে সরবরাহের পরিমাণে ১০ শতাংশ কমবেশি হওয়ার সুযোগ রাখা হয়েছে।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন দানাদার ইউরিয়া সার আমদানির প্রস্তাব করা হয়েছে। একাদশ চালানের আওতায় বাল্ক আকারে এই সার কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২১১ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। প্রতি টন ইউরিয়া সারের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৩ দশমিক ৩৩ মার্কিন ডলার। এ ক্ষেত্রেও সরবরাহের পরিমাণে ১০ শতাংশ কমবেশি হতে পারবে।
এ ছাড়া একই অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে ৩০ হাজার টন বস্তাবন্দী দানাদার ইউরিয়া সার কেনার প্রস্তাবেও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। ষষ্ঠ চালানের আওতায় এ সার সংগ্রহে ব্যয় হবে ১৪৯ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯৭ দশমিক ৮৭৫ মার্কিন ডলার।
তিনটি প্রস্তাবে মোট ১ লাখ ১০ হাজার টন সার সংগ্রহে সরকারের ব্যয় হবে ৫৪৩ কোটি ৪ লাখ ৬ হাজার ৬৩৮ টাকা ৫০ পয়সা।

