২০২৫–২০২৬ করবর্ষের স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সব করদাতার আয়কর রিটার্ন দাখিলের পূর্বঘোষিত শেষ সময় আজ ১৫ মে নির্ধারিত ছিল। তবে দিনটি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আইন অনুযায়ী সময়সীমা পরিবর্তিত হয়েছে।
আয়কর আইন, ২০২৩ অনুযায়ী রিটার্ন দাখিলের নতুন শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি করবর্ষের জন্য রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হবে না। অর্থাৎ ১৭ মে-ই চূড়ান্ত সময়সীমা।
তবে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তারা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে পারবেন। আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৪ অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে স্বনির্ধারণী পদ্ধতিতে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।

