অতিগোপনীয় ও সংবেদনশীল রাষ্ট্রীয় সংস্থা জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের জন্য প্রায় ৯৫ কোটি টাকার সরঞ্জাম কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে দ্রুত সময়ের মধ্যে চাল ও গম আমদানির লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার সময় কমানোর প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পর পত্রিকায় প্রকাশের তারিখ থেকে দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের ‘কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সিস্টেম সম্প্রসারণ (প্রথম ধাপ)’ প্রকল্পের আওতায় প্রায় ৯৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার ১৩৭ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী অতিগুরুত্বপূর্ণ এই সংস্থার জন্য সীমিত দরপত্র পদ্ধতিতে ৯টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান দর প্রস্তাব জমা দেয় এবং দুটি প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়। পরে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসিকে কার্যাদেশ দেওয়ার অনুমোদন দেওয়া হয়।
এই প্রকল্পের আওতায় উচ্চক্ষমতাসম্পন্ন তিনটি পরবর্তী প্রজন্মের ফায়ারওয়াল যন্ত্র, দুটি বহুমুখী হাইব্রিড প্যাকেট নিয়ন্ত্রণ যন্ত্র, তিনটি সুইচ ব্যবস্থাপনা কার্ড এবং ছয়টি তথ্যকেন্দ্রের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম কেনা হবে।

