আগামী ১ জুলাই থেকে সরকারি সব ধরনের রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি বাধ্যতামূলকভাবে এ-চালান ব্যবস্থার মাধ্যমে কোষাগার একক হিসাবে জমা দিতে হবে। একই সঙ্গে প্রচলিত হাতে লেখা চালান পদ্ধতি পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অর্থ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী সরকারের সব রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি সংযুক্ত তহবিল অথবা প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হওয়ার কথা। ট্রেজারি রুলস অনুযায়ী এসব অর্থ কোষাগার একক হিসাবের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে পরিচালিত হওয়ার বিধান রয়েছে।
তবে বাস্তবে কিছু সরকারি দপ্তর এখনও পুরোনো হাতে লেখা কোড ব্যবহার করে অর্থ জমা দিচ্ছে। আবার কোথাও কোথাও কোষাগার একক হিসাব ব্যবহার না করে বাণিজ্যিক ব্যাংকে পৃথক হিসাব খুলে সরকারি অর্থ রাখা হচ্ছে। এতে সরকারের প্রকৃত নগদ অবস্থান নিরূপণে জটিলতা তৈরি হচ্ছে।
অর্থ বিভাগ জানিয়েছে, বিভিন্ন ব্যাংকে ছড়িয়ে থাকা সরকারি অর্থ সময়মতো ব্যবহার করা যাচ্ছে না। ফলে প্রয়োজনীয় অর্থের ঘাটতি মেটাতে সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে তুলনামূলক বেশি সুদে ঋণ নিতে হচ্ছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সব সরকারি রাজস্ব আদায় শতভাগ এ-চালান ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করতে হবে। কোনো মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর বা অধীনস্থ দপ্তরে এর বাইরে অন্য কোনো আদায় বা জমা পদ্ধতি থাকলে তা সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে।

