চীনের অর্থনৈতিক উত্থান নিয়ে আলোচনায় প্রায়ই একটি সহজ ব্যাখ্যা শোনা যায়—সস্তা শ্রমশক্তিই দেশটিকে এগিয়ে নিয়েছে। কিন্তু বাস্তবতা এত সরল নয়। বিশ্বের বহু দেশে এখনো তুলনামূলকভাবে সস্তা শ্রম রয়েছে। তবুও তারা চীনের মতো অবস্থানে পৌঁছাতে পারেনি।
কারণ, চীন কেবল সস্তা শ্রমের ওপর নির্ভর করেনি। দেশটি উৎপাদনকে জাতীয় শক্তির কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন সে নিজে পণ্য তৈরি করতে পারে, সেই পণ্য বিশ্ববাজারে বিক্রি করতে পারে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে দক্ষতা, প্রযুক্তি, কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা গড়ে তুলতে পারে।
অর্থনৈতিক রূপান্তরের জন্য শুধু সম্পদ বা সুযোগ যথেষ্ট নয়। প্রয়োজন সৎ, দূরদর্শী এবং সক্ষম নেতৃত্ব। দরকার এমন একটি রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি, যা পুরনো রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে শিল্পায়ন, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, নিরাপত্তা এবং অর্থনৈতিক আত্মনির্ভরতার পথে দেশকে এগিয়ে নিতে পারে।
এই প্রেক্ষাপটে চীনের অর্থনৈতিক অগ্রগতি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠতে পারে। মাত্র কয়েক দশকের ব্যবধানে দারিদ্র্য ও পশ্চাৎপদতা পেরিয়ে একটি দেশ কীভাবে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হলো, তা বিশ্লেষণ করলে অনেক মূল্যবান দিক পাওয়া যায়।
তবে শুরুতেই স্পষ্ট থাকা জরুরি—বাংলাদেশের জন্য চীনকে হুবহু অনুসরণ করা বাস্তবসম্মত নয়। দুই দেশের ইতিহাস, সমাজব্যবস্থা, রাজনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক বাস্তবতা ভিন্ন। কিন্তু চীনের সাফল্যের পেছনের মৌলিক নীতিগুলো থেকে শিক্ষা নেওয়া অবশ্যই সম্ভব। কারণ অর্থনৈতিক অগ্রগতি কখনো হঠাৎ ঘটে না। এটি তৈরি হয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শৃঙ্খলা, উৎপাদনশীলতা, দক্ষতা, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রতিশ্রুতির ধারাবাহিক প্রয়াসে।
বাংলাদেশের গার্মেন্টস খাত নিঃসন্দেহে একটি বড় অর্জন। এই খাত লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। বিশেষ করে নারীদের অর্থনীতির মূলধারায় যুক্ত করেছে। একই সঙ্গে বাংলাদেশকে বিশ্ববাজারে একটি পরিচিত উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।
তবে প্রশ্ন এখন ক্রমেই বড় হয়ে উঠছে—বাংলাদেশ কি চিরকাল কেবল গার্মেন্টসের ওপর নির্ভর করবে? গার্মেন্টস শিল্প দেশকে যাত্রা শুরু করিয়েছে। এখন প্রয়োজন পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া। সেই পরবর্তী ধাপে থাকতে পারে টেকনিক্যাল টেক্সটাইল, কৃত্রিম তন্তু, নকশা ও ব্র্যান্ডিং, হালকা প্রকৌশল, ইলেকট্রনিকস সংযোজন শিল্প, ওষুধ শিল্প, কৃষি প্রক্রিয়াজাত শিল্প, চামড়াজাত পণ্য, জুতা, প্যাকেজিং এবং মেশিন মেরামতের মতো খাত। এসব খাতে ধীরে ধীরে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে।
চীনের অভিজ্ঞতা থেকে এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। একটি কারখানা একা সফল হতে পারে না। আধুনিক উৎপাদনের জন্য দরকার পুরো একটি ব্যবস্থা। এর মধ্যে থাকে কাঁচামালের সহজলভ্যতা, দক্ষ শ্রমিক, মেশিন মেরামতের সক্ষমতা, নির্ভরযোগ্য বিদ্যুৎ, উন্নত সড়ক যোগাযোগ, দ্রুত কাস্টমস ব্যবস্থা এবং শক্তিশালী বন্দর সংযোগ। এই উপাদানগুলো ছাড়া কোনো কারখানা বিশ্বমানের উৎপাদন করতে পারে না।
এই বাস্তবতা মাথায় রেখেই চীন শিল্প ক্লাস্টার বা শিল্প সমষ্টি গড়ে তুলেছে। সেখানে অঞ্চলভিত্তিক শিল্প বিশেষায়ন দেখা যায়। কোথাও ইলেকট্রনিকস, কোথাও টেক্সটাইল, কোথাও যন্ত্রপাতি, কোথাও সৌর প্যানেল, আবার কোথাও অটো পার্টস কেন্দ্রিক শিল্প গড়ে উঠেছে।
বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের পরিকল্পিত চিন্তা প্রয়োজন। ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ হতে পারে উন্নত গার্মেন্টস, টেকনিক্যাল টেক্সটাইল ও নকশা শিল্পের কেন্দ্র। চট্টগ্রাম এবং মীরসরাই অর্থনৈতিক অঞ্চল হতে পারে রফতানিমুখী উৎপাদন ও লজিস্টিকস হাব। খুলনা এবং মোংলা বন্দর এলাকা হতে পারে পাট, কৃষি প্রক্রিয়াজাত শিল্প, জাহাজ শিল্প এবং আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র।
রাজশাহী এবং রংপুর অঞ্চল কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা যেতে পারে। সিলেট হতে পারে চা, পর্যটন এবং প্রবাসী বিনিয়োগের বিশেষ কেন্দ্র। এখানে উন্নয়নের ভাষা পরিবর্তনের কথাও গুরুত্বপূর্ণ। শুধু “কারখানা” নয়, ভাবতে হবে “শিল্প পরিবেশ”। শুধু “জমি” নয়, বুঝতে হবে “উৎপাদন ব্যবস্থা”।
বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল নিয়ে অনেক পরিকল্পনা হয়েছে। কিন্তু পরিকল্পনা আর বাস্তবতার মধ্যে এখনো বড় ফারাক রয়েছে। একটি অর্থনৈতিক অঞ্চল সফল করতে শুধু জমি যথেষ্ট নয়। বিনিয়োগ আসে তখনই, যখন পুরো ব্যবস্থাটি কার্যকর থাকে।
তাই পরিমাণের চেয়ে মানকে অগ্রাধিকার দিতে হবে। একসঙ্গে বহু অর্থনৈতিক অঞ্চল চালু করার চেয়ে আগে ১০ থেকে ১৫টি অঞ্চলকে বিশ্বমানের করা বেশি জরুরি। প্রতিটি অঞ্চলের আলাদা শিল্প পরিচয় থাকতে হবে—কোথাও টেক্সটাইল, কোথাও ইলেকট্রনিকস, কোথাও ওষুধ শিল্প, কোথাও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, কোথাও লজিস্টিকস, আবার কোথাও হালকা প্রকৌশল। অর্থনৈতিক অঞ্চলকে শুধু জমি উন্নয়ন প্রকল্প হিসেবে দেখলে হবে না। এটিকে দেখতে হবে উৎপাদনের শক্তিশালী ইঞ্জিন হিসেবে।
উৎপাদনের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সরবরাহ শৃঙ্খল বা লজিস্টিকস ব্যবস্থা। বিশ্ববাজারে প্রতিযোগিতা অনেকাংশে নির্ভর করে পণ্য কত দ্রুত পৌঁছাতে পারে তার ওপর। উৎপাদনের পর যদি পণ্য দ্রুত বাজারে না পৌঁছায়, তাহলে পুরো দক্ষতাই দুর্বল হয়ে পড়ে। চীনের বড় শক্তির একটি অংশ ছিল তাদের দ্রুত ও কার্যকর লজিস্টিকস ব্যবস্থা। কারখানা থেকে বন্দর, বন্দর থেকে জাহাজ এবং জাহাজ থেকে বিশ্ববাজার—এই পুরো প্রক্রিয়াকে তারা দ্রুত ও শৃঙ্খলভাবে পরিচালনা করেছে।
বাংলাদেশকেও এই জায়গায় বড় ধরনের সংস্কার করতে হবে। চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, পায়রা বন্দর, রেল মাল পরিবহন ব্যবস্থা, নদীপথ, স্থলবন্দর এবং ডিজিটাল কাস্টমস—সবকিছুকে আলাদা আলাদা প্রকল্প হিসেবে না দেখে একটি সংযুক্ত জাতীয় লজিস্টিকস ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার মানুষ, বিশেষ করে তরুণ জনগোষ্ঠী। তবে শুধু তরুণ জনসংখ্যা থাকলেই উন্নয়ন নিশ্চিত হয় না। তাদের দক্ষ করে গড়ে তোলা জরুরি।
চীনের অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তারা শুরু করেছিল তুলনামূলক সস্তা শ্রম দিয়ে। কিন্তু সেখানে থেমে থাকেনি। সময়ের সঙ্গে সঙ্গে তারা শ্রমিককে দক্ষ করেছে, প্রযুক্তি পরিচালনাকারী কর্মীতে পরিণত করেছে, প্রকৌশলী তৈরি করেছে, ব্যবস্থাপক তৈরি করেছে এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার শিখিয়েছে।
বাংলাদেশকেও একই পথে অগ্রসর হতে হবে। আমাদের প্রয়োজন বাস্তবভিত্তিক কারিগরি শিক্ষা। মেশিন পরিচালনা, মেশিন মেরামত, ইলেকট্রনিকস সংযোজন, ধাতব কাজ, স্বয়ংক্রিয় প্রযুক্তি, গুণগত মান নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থা, কারখানা ব্যবস্থাপনা এবং শিল্পে ব্যবহৃত আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা—এসব ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করতে হবে। কারিগরি শিক্ষাকে সরাসরি কারখানার সঙ্গে যুক্ত করতে হবে। শুধু সনদ অর্জন নয়, বাস্তব কাজ শেখাই হতে হবে মূল লক্ষ্য। ভবিষ্যতের বাংলাদেশ সস্তা শ্রমের ওপর নয়, দক্ষ শ্রমের ওপর দাঁড়াবে।
এই লক্ষ্য অর্জনে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিদেশি বিনিয়োগের উদ্দেশ্য শুধু সস্তা শ্রম ব্যবহার হওয়া উচিত নয়। মূল লক্ষ্য হওয়া উচিত শেখা—প্রযুক্তি শেখা, উৎপাদন প্রক্রিয়া শেখা, মান নিয়ন্ত্রণ শেখা, সরবরাহ ব্যবস্থা শেখা এবং বিশ্ববাজারে প্রবেশের কৌশল শেখা।
প্রতিটি বড় বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ—এটি কি বাংলাদেশি প্রতিষ্ঠানকে শক্তিশালী করছে? এটি কি স্থানীয় সরবরাহ ব্যবস্থা তৈরি করছে? এটি কি বাংলাদেশি প্রকৌশলী ও ব্যবস্থাপক তৈরি করছে? এটি কি প্রযুক্তি হস্তান্তর করছে? যদি উত্তর ইতিবাচক হয়, তবে সেটিই প্রকৃত উন্নয়ন। আর যদি বিদেশি প্রতিষ্ঠান শুধু এসে সস্তা শ্রম ব্যবহার করে চলে যায় এবং স্থানীয় দক্ষতা তৈরি না হয়, তাহলে দেশ মূল্য শৃঙ্খলের নিচের স্তরেই আটকে থাকবে।
গার্মেন্টস খাত বাংলাদেশের বড় অর্জন। তবে একক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। বিশ্ববাজার প্রতিনিয়ত পরিবর্তিত হয়। প্রযুক্তি বদলায়, চাহিদা বদলায়, বাণিজ্য নীতি বদলায়। তাই বাংলাদেশকে এখনই নতুন রফতানি খাত তৈরি করতে হবে। এর মধ্যে থাকতে পারে ওষুধ শিল্প, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়া ও জুতা শিল্প, টেকনিক্যাল টেক্সটাইল, হালকা প্রকৌশল, ইলেকট্রনিকস সংযোজন, চিকিৎসা সরঞ্জাম এবং প্যাকেজিং শিল্প।
লক্ষ্য শুধু বেশি পণ্য রফতানি করা নয়, বরং বেশি মূল্য সৃষ্টি করা। একটি সাধারণ টি-শার্ট থেকে লাভ সীমিত। কিন্তু সেই টি-শার্টের নকশা, ব্র্যান্ড এবং বিপণন যদি বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে, তাহলে তার মূল্য বহুগুণ বেড়ে যায়। এটাই মূলত মূল্য শৃঙ্খলের উপরের স্তরে ওঠার বাস্তব অর্থ।
চীন শুধু বর্তমান শিল্প নিয়েই ভাবেনি, তারা ভবিষ্যতের শিল্পকেও আগেভাগেই চিনতে পেরেছে। বিদ্যুচ্চালিত গাড়ি, ব্যাটারি, সৌর প্যানেল, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব প্রযুক্তির মতো খাতে তারা সময়ের আগেই বড় ধরনের বিনিয়োগ করেছে।
বাংলাদেশকেও এখন থেকেই এসব খাতে পরিকল্পিতভাবে এগোতে হবে। শুরুতেই বড় গাড়ি শিল্পে প্রবেশের দরকার নেই। বরং ধাপে ধাপে এগোনো যেতে পারে বিদ্যুচ্চালিত যানবাহনের সংযোজন শিল্প দিয়ে। এর মধ্যে থাকতে পারে বিদ্যুচ্চালিত মোটরসাইকেল, ই-রিকশা, থ্রি-হুইলার, শহুরে গণপরিবহন ব্যবস্থা, চার্জিং স্টেশন, ব্যাটারি ব্যবস্থাপনা এবং বিদ্যুচ্চালিত যানবাহন মেরামত সেবা।
সৌরশক্তির ক্ষেত্রেও বাংলাদেশের বড় সম্ভাবনা রয়েছে। কারখানা, গুদাম, অর্থনৈতিক অঞ্চল, স্কুল, হাসপাতাল, সরকারি ভবন এবং আবাসিক ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহার করা সম্ভব। পাশাপাশি সৌর প্যানেল সংযোজন, ইনভার্টার, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা, চার্জিং যন্ত্র, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কেবল উৎপাদনকে কেন্দ্র করে একটি নতুন শিল্প ইকোসিস্টেম গড়ে তোলা যেতে পারে।
ডিজিটাল অর্থনীতিও এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের তরুণরা ইতিমধ্যেই ফ্রিল্যান্সিং, সফটওয়্যার উন্নয়ন, তথ্যপ্রযুক্তি সেবা এবং ডিজিটাল কাজের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। এই খাতকে পরিকল্পিতভাবে শক্তিশালী করা গেলে বাংলাদেশ শুধু শ্রম রফতানিকারক দেশ থাকবে না, বরং জ্ঞান ও সেবা রফতানিকারক দেশ হিসেবেও জায়গা করে নিতে পারবে।
তবে উন্নয়ন আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায়ই উপেক্ষিত থাকে, সেটি হলো নিরাপত্তা সংস্কৃতি। রাস্তা, নদীপথ, রেলপথ, নির্মাণকাজ, কারখানা, ভবন, ফেরিঘাট—সব জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এর ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়ক দুর্ঘটনা, নৌ-দুর্ঘটনা, কারখানায় অগ্নিকাণ্ড বা ভবন ধস—প্রতিটি ঘটনা শুধু একটি সংখ্যা নয়, বরং একটি পরিবার, একটি ভবিষ্যৎ এবং একটি জীবনের সমাপ্তি।
উন্নয়নের নামে মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা কোনো অতিরিক্ত ব্যয় নয়; এটি উন্নয়নের মৌলিক শর্ত। তাই বাংলাদেশে একটি জাতীয় “নিরাপত্তা প্রথম” সংস্কৃতি গড়ে তোলা জরুরি—যেখানে রাস্তা, নদীপথ, রেল, কারখানা, নির্মাণ, ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং বাজার—সব ক্ষেত্রে নিরাপত্তা হবে প্রথম অগ্রাধিকার।
এই নিরাপত্তা শুধু মানবিক বিষয় নয়, এটি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। একটি বড় দুর্ঘটনা পুরো শিল্প খাতের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিতে পারে।
নিরাপত্তার বিষয়টি কেবল অবকাঠামো বা শিল্পেই সীমাবদ্ধ নয়, অর্থনীতি ও ব্যাংকিং খাতেও এর গুরুত্ব অপরিসীম। ব্যাংকের অর্থ জনগণের আমানত—এটি ব্যক্তিগত সম্পদ নয়। শ্রমিক, প্রবাসী, শিক্ষক, ক্ষুদ্র ব্যবসায়ী বা মধ্যবিত্ত মানুষ নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখে কিন্তু যখন বড় ঋণখেলাপিরা পার পেয়ে যায়, রাজনৈতিক প্রভাব ব্যাংকিং ব্যবস্থাকে দুর্বল করে, তখন ক্ষতিগ্রস্ত হয় সাধারণ আমানতকারীরা।
অর্থনৈতিক নিরাপত্তার অর্থ হলো আমানতকারীর সুরক্ষা, সুশৃঙ্খল ঋণ ব্যবস্থা, শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক, রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংকিং ব্যবস্থা, ঋণখেলাপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অর্থপাচার প্রতিরোধ এবং আর্থিক অপরাধের দ্রুত বিচার। এখানে স্পষ্ট বার্তা হলো—ব্যাংকের টাকা লুটপাটের জন্য নয়, রাজনৈতিক সুবিধার পুরস্কারও নয়। ঋণ হওয়া উচিত উৎপাদনের হাতিয়ার, ব্যক্তিগত ভোগ বা অপব্যবহারের সুযোগ নয়।
সুশাসন ছাড়া কোনো উন্নয়ন মডেলই কার্যকর হয় না। চীনের সাফল্যের একটি বড় কারণ ছিল দীর্ঘমেয়াদি নীতির ধারাবাহিকতা এবং বাস্তবায়নে কঠোর শৃঙ্খলা। বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ হলো নীতির অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি এবং দুর্বল বাস্তবায়ন।
সুশাসন মানে শুধু দুর্নীতি কমানো নয়। সুশাসন মানে ব্যবসা শুরু করা সহজ হওয়া, চুক্তি দ্রুত কার্যকর হওয়া, সম্পত্তির অধিকার সুরক্ষিত থাকা, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক চাপমুক্ত থাকা এবং কর ব্যবস্থার সরলতা ও পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করা। শেষ পর্যন্ত চীনের কাছ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা হলো—শিল্প উন্নয়ন কোনো একক উদ্যোগে হয় না। এটি একটি সমন্বিত ব্যবস্থা।
বাংলাদেশের সামনে এখন মূল প্রশ্ন হওয়া উচিত—আর কত কারখানা তৈরি করা যাবে, তা নয়। বরং প্রশ্ন হওয়া উচিত—কীভাবে এমন একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা যায়, যেখানে কারখানা উৎপাদনশীল হবে, শ্রমিক দক্ষ হবে, পণ্য দ্রুত বন্দরে পৌঁছাবে, ব্যাংক নিরাপদ থাকবে, রফতানি বাড়বে, প্রযুক্তি শেখা হবে, সুশাসন নিশ্চিত হবে এবং মানুষের জীবন সুরক্ষিত থাকবে।

