বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ও কর অব্যাহতি দিয়েছে সরকার। তবে এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট তিনটি শর্ত পূরণ করতে হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঈদের আগে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে কোনো শুল্ক বা কর দিতে হবে না। শর্ত অনুযায়ী আমদানিকৃত বাস বা ট্রাক অবশ্যই সম্পূর্ণ নতুন হতে হবে। কোনো রিকন্ডিশন যানবাহন আমদানির সুযোগ থাকবে না।
দ্বিতীয় শর্তে বলা হয়েছে আমদানিকৃত বাস বা ট্রাকে ব্যবহৃত ব্যাটারি প্রতিস্থাপন ছাড়া অন্তত সাত বছর বা তিন লাখ কিলোমিটার চলার উপযোগী ওয়ারেন্টি থাকতে হবে। এ বিষয়ে যথাযথ প্রামাণ্য দলিল দাখিল করতে হবে।
তৃতীয় শর্ত অনুযায়ী আমদানিকৃত বৈদ্যুতিক বাস বা ট্রাক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষের নির্ধারিত মান অনুযায়ী হতে হবে। বিকল্পভাবে রপ্তানিকারক দেশের টাইপ অ্যাপ্রুভাল কর্তৃপক্ষ বা অনুমোদিত সংস্থা থেকে সনদ থাকতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ন্যূনতম ড্রাইভারসহ ১৭ আসনের বৈদ্যুতিক বাস এবং ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার বৈদ্যুতিক ট্রাক আমদানির ক্ষেত্রে শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, ভ্যাটের আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে।
এর আগে ৩ মে মন্ত্রিসভা বৈঠকে বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। পরে ২১ মে জাতীয় রাজস্ব বোর্ড এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

