রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত এবং সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারি গ্যারান্টির আওতায় ঋণ নেওয়া এখন থেকে কিছুটা ব্যয়বহুল হতে যাচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে নেওয়া ঋণের ক্ষেত্রে ০.২৫ শতাংশ হারে এককালীন গ্যারান্টি ফি দিতে হবে।
গতকাল মঙ্গলবার (২ জুন) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। পরিপত্র অনুযায়ী, সরকারি ঋণ আইন, ২০২২ এবং রাষ্ট্রীয় গ্যারান্টি বা কাউন্টার গ্যারান্টি নীতিমালা, ২০১৪-এর আওতায় রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও সরকারি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান বা সংস্থার জন্য রাষ্ট্রীয় গ্যারান্টিসহ ঋণ অনুমোদিত হলে অর্থ বিভাগ ওই ঋণের বিপরীতে এককালীন ০.২৫ শতাংশ হারে গ্যারান্টি ফি আরোপ করতে পারবে। নির্ধারিত ফি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সরকারি মালিকানাধীন কোম্পানি, রাষ্ট্রীয় সংস্থা কিংবা যৌথ উদ্যোগের কোনো প্রতিষ্ঠান দেশি বা বিদেশি উৎস থেকে নতুন ঋণ নিতে চাইলে এবং সেই ঋণের জন্য সরকারি গ্যারান্টি প্রয়োজন হলে এ ফি পরিশোধ করতে হবে। রাষ্ট্রীয় গ্যারান্টির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
সাধারণত বড় প্রকল্প বা নতুন উদ্যোগ বাস্তবায়নের জন্য রাষ্ট্রায়ত্ত ও সরকারি প্রতিষ্ঠানগুলো দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। অনেক ক্ষেত্রে ঋণদাতা সংস্থাগুলো ঋণ অনুমোদনের শর্ত হিসেবে সরকারি গ্যারান্টি দাবি করে। এ ধরনের গ্যারান্টি সরকারের পক্ষে দিয়ে থাকে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত ঋণসংক্রান্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের দেশি ও বিদেশি ঋণের বিপরীতে সরকার মোট ১ লাখ ৬ হাজার ৯৭৩ কোটি টাকার গ্যারান্টি প্রদান করেছে। এর মধ্যে বিদেশি ঋণের পরিমাণ ৫৮ হাজার ৩৮৩ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ৪৮ হাজার ৫৯০ কোটি টাকা।
সরকারি গ্যারান্টিপ্রাপ্ত ঋণের সবচেয়ে বড় অংশ বিদ্যুৎ খাতে ব্যবহৃত হয়েছে। পাশাপাশি কৃষি খাত এবং বাংলাদেশ বিমানের বিভিন্ন ঋণের বিপরীতেও সরকারি গ্যারান্টি রয়েছে। তেল আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিদেশি একটি সংস্থা থেকে যে ঋণ নিয়েছে, তার বিপরীতেও সরকারের গ্যারান্টি রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কৃষিঋণ কর্মসূচির একটি অংশও সরকারি গ্যারান্টির আওতায় পরিচালিত হচ্ছে।

