দেশের তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের জন্য গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদেশ থেকে অর্জিত আয়ের ওপর এতদিন যে সাড়ে ৭ শতাংশ হারে উৎসে কর কাটা হতো, তা আর কার্যকর থাকবে না। সরকারের নির্দেশনার পর ব্যাংকগুলোও এ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
এ সিদ্ধান্তের পর বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ফ্রিল্যান্সিং আয়ের ওপর উৎসে কর কাটা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে যেসব গ্রাহকের হিসাব থেকে ইতোমধ্যে কর কেটে নেওয়া হয়েছে, সেই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) ব্যাংকটির সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ডাচ-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ বলেন, এতদিন প্রচলিত নিয়ম অনুযায়ী তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয়ের ওপর সাড়ে ৭ শতাংশ উৎসে কর কাটা হতো। তবে দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ এবং তরুণদের এ খাতে আরও বেশি সম্পৃক্ত করতে এখন থেকে এ আয়ের ওপর আর কোনো উৎসে কর কাটা হবে না।
তিনি আরও জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে ব্যাংক দ্রুত কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে যেসব ফ্রিল্যান্সারের হিসাব থেকে ইতোমধ্যে কর কাটা হয়েছে, সেই অর্থ ফেরত দেওয়ার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খাতসংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত দেশের ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখা তরুণ ফ্রিল্যান্সারদের জন্য এটি বড় ধরনের উৎসাহ হিসেবে কাজ করবে।
সম্প্রতি ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের বৈদেশিক আয় বা রেমিট্যান্সের ওপর ৭ দশমিক ৫ শতাংশ উৎসে কর আরোপের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি আলোচনায় আসার পর সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কর আরোপের পরিকল্পনা নেই।
গত ১ জুন সচিবালয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট নির্মাতা জুয়েল রানার সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন।
বৈঠক শেষে জুয়েল রানা গণমাধ্যমকে জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের ওপর ৭ দশমিক ৫ শতাংশ কর আরোপের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি যাচাই করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এ ধরনের কর আরোপ না করার পক্ষেও মত দেওয়া হয়।

