আসন্ন জাতীয় বাজেটে সংস্কৃতি উন্নয়ন ও বিকাশে দুই শতাংশ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিককর্মী সংঘ। সংগঠনটির মতে, এই বরাদ্দ নিশ্চিত করা গেলে দেশের সাংস্কৃতিক অবকাঠামো, শিল্পী কল্যাণ, সাংস্কৃতিক শিক্ষা ও গবেষণা, লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাংস্কৃতিক পরিচিতি আরও শক্তিশালী হবে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আ মা ম হাসানুজ্জামান, প্রেসিডিয়াম সদস্য অভিনেতা আবদুল আজিজ, কবি শিরীন হক, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, সৈয়দ জাকির হোসাইন, এমদাদুল হক চৌধুরীসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
সংগঠনটি তাদের ১৫ দফা প্রস্তাবনাও তুলে ধরে। সেখানে বলা হয়, পূর্ববর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে একটি দলীয় সাংস্কৃতিক পরিবেশ তৈরির চেষ্টা হয়েছিল বলে তারা মনে করে। একই সঙ্গে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় গত বছর এসব প্রস্তাব উত্থাপন করা হলেও তখন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, দেশের সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীদের প্রত্যাশা অনুযায়ী ১৫ দফা প্রস্তাব বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি আসন্ন বাজেটে সংস্কৃতি খাতে দুই শতাংশ বরাদ্দ নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়।

