ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে উদ্যোক্তাদের সহায়তায় ৪৫ কোটি টাকার বেশি ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের পাশাপাশি প্রবাস থেকে ফেরা কর্মীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই ঋণ দেওয়া হবে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশন ও তিনটি ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। অংশীদার ব্যাংক হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন কর্মসূচির আওতায় এসএমই ফাউন্ডেশনের পুনঃচক্রায়ন তহবিল থেকে এই ঋণ বিতরণ করা হবে। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ, যা অর্থ বিভাগের নতুন নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রবাস ফেরত কর্মীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পৃথক উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার বাংলাদেশ কার্যালয়ের সহায়তায় কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে। এ ক্ষেত্রে সুদের হার থাকবে ৭ শতাংশ।
উদ্যোক্তারা ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাবেন, যার সুদের হার হবে ৯ শতাংশ।
নীতিমালায় বলা হয়েছে, অংশীদার ব্যাংকগুলো জামানতবিহীন ঋণ দেওয়ার জন্য উৎসাহিত করা হবে। ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না। ঋণ পরিশোধের সময়সীমা ধরা হয়েছে সর্বোচ্চ ৪ বছর, যার মধ্যে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত ছাড়কাল সুবিধা থাকবে, যা ব্যাংকের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করবে।
অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই উদ্যোগ রেমিট্যান্সকে উদ্যোক্তায় রূপান্তর, উদ্যোক্তাকে বিনিয়োগে এবং বিনিয়োগকে কর্মসংস্থানে পরিণত করার একটি টেকসই পথ তৈরি করবে।

