ডাকটিকিটের প্রচলিত পদ্ধতি পেরিয়ে ডিজিটাল মাশুল আদায়ে ভালো সাড়া পাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। স্মার্ট পোস্টেজ বা ই-ফ্রাংকিং ব্যবস্থা চালুর পর গত ১৫ নভেম্বর পর্যন্ত এ পদ্ধতিতে ৫০ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। মাত্র এক বছরেরও কম সময়ে মাসিক আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ। আগামী দুই বছরে এই ব্যবস্থায় ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে ডাক অধিদপ্তর।
ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক কার্যক্রমের পর ২০২৫ সালের অক্টোবর থেকে ই-ফ্রাংকিং পূর্ণাঙ্গভাবে চালু হয়। প্রথম দিকে বুকিং ও রাজস্ব আদায় কম থাকলেও ধীরে ধীরে ব্যবহার বেড়েছে। ২০২৫ সালের নভেম্বরে ৫১৮টি বুকিং থেকে মাশুল আদায় হয়েছিল ১৫ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। চলতি বছরের অক্টোবরে বুকিং বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৯৯১টিতে, আর আদায় হয় ৭ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৬১ টাকা। অর্থাৎ এই ১১ মাসে মাসিক রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ।
মাসভিত্তিক হিসাবে চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো ই-ফ্রাংকিংয়ে এক কোটি টাকার বেশি মাশুল আদায় হয়। মে মাসে আদায় ছাড়ায় ৪ কোটি টাকা এবং জুলাইয়ে প্রথমবারের মতো ৫ কোটি টাকা অতিক্রম করে। সেপ্টেম্বর মাসে একক মাসে সর্বোচ্চ ৭ কোটি ৮৪ লাখ টাকা আদায় হয়। মে থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাসে মোট আদায় হয়েছে প্রায় ৩৫ কোটি ৫২ লাখ টাকা, অর্থাৎ এ সময়ে প্রতি মাসে গড়ে প্রায় ৫ কোটি ৯২ লাখ টাকা এসেছে।
ই-ফ্রাংকিং ব্যবস্থায় চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্যের ডাক মাশুল ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা যায়। গ্রাহক মাশুল দিলে একটি স্বতন্ত্র ১৩ অঙ্কের বারকোডযুক্ত স্টিকার ছাপা হয়, যা ডাকপণ্যের গায়ে লাগিয়ে দেওয়া হয়। প্রতিটি স্টিকার ছাপাতে খরচ হয় মাত্র ৫০ পয়সা। গ্রাহক মোবাইল আর্থিক সেবা বা ব্যাংক হিসাবের মাধ্যমে এ-চালানে আগাম টাকা জমা রেখে ডাক বিভাগের ডিজিটাল মেইল সিস্টেমে পণ্য বুকিংও করতে পারেন।
এই পদ্ধতিতে ডাক বিভাগের খরচ কমার পাশাপাশি মাশুল আদায়ের স্বচ্ছতাও বাড়ছে। আগে ডাকটিকিট তৈরি, ফ্রাংকিং মেশিন কেনা ও রক্ষণাবেক্ষণ এবং মেশিনের কালি আমদানিতে ব্যয় হতো। ই-ফ্রাংকিং চালুর ফলে এসব খাতে খরচ কমানোর সুযোগ তৈরি হয়েছে। প্রতিটি স্টিকারের বারকোড স্ক্যান করে কোন ব্যবহারকারী এবং কোন প্রিন্টার থেকে সেটি তৈরি হয়েছে, তা শনাক্ত করা যায়। পাশাপাশি অনুমতি ছাড়া কর্মীদের সিস্টেমে প্রবেশের সুযোগ নেই এবং প্রতিদিনের লেনদেনের হিসাব কেন্দ্রীয়ভাবে যাচাই করা সম্ভব হচ্ছে।
বর্তমানে দেশের বিভিন্ন জেলা শহর ও উপজেলা পর্যায়ে প্রায় ২০০টি ডাকঘরে এ সেবা চালু রয়েছে। দেশে প্রায় ১ হাজার ৫০০টি রাজস্ব অফিসের মধ্যে এটি প্রায় ১৩ শতাংশ। ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানিয়েছেন, পর্যায়ক্রমে সব রাজস্ব অফিসে ই-ফ্রাংকিং চালুর পরিকল্পনা রয়েছে। উপজেলা ডাকঘরগুলোকে এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ডাকঘরেও এই সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর আশা, বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখতে পারলে আগামী দুই বছরে ই-ফ্রাংকিং থেকে ১০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে।

