দেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অর্থায়নের জন্য ৫ হাজার ৬০০ কোটি টাকার নতুন বিনিয়োগ সুকুক বাজারে আনছে সরকার। এ সুকুকের নিলাম অনুষ্ঠিত হবে সোমবার (২২ জুন)। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক—উভয় ধরনের বিনিয়োগকারী এতে অংশ নিতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২২ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিলামে অংশগ্রহণের সুযোগ থাকবে। সুকুক থেকে সংগৃহীত অর্থ ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের অর্থায়নে ব্যবহার করা হবে।
পাঁচ বছর মেয়াদি এ সুকুকে বিনিয়োগকারীরা বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ হারে মুনাফা পাবেন। প্রতি ছয় মাস অন্তর মুনাফা বিতরণ করা হবে। সর্বনিম্ন ১০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে এতে অংশ নেওয়া যাবে।
বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন প্রতিষ্ঠানও এ সুকুকে বিনিয়োগের সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাবের মাধ্যমে বিনিয়োগ করা যাবে। নিলাম কার্যক্রম পরিচালিত হবে বাংলাদেশ ব্যাংকের শরিয়াভিত্তিক সিকিউরিটিজ মডিউল (এসএসএম) ব্যবহার করে।
নতুন বিনিয়োগকারীদের নিলামে অংশ নিতে ‘সুকুক ইনভেস্টর (এসআই) আইডি’ খুলতে হবে। তবে যারা আগে থেকেই সুকুকে বিনিয়োগ করেছেন, তাদের নতুন করে আইডি নেওয়ার প্রয়োজন হবে না।

