পেট্রোবাংলার আওতাধীন কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে সরকার নতুন নীতি প্রণয়ন করেছে। এই নীতিমালার ফলে এখন থেকে সংশ্লিষ্ট কোম্পানির যোগ্য কর্মকর্তারাই অভ্যন্তরীণভাবে এমডি পদে নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন।
সংশ্লিষ্টদের মতে, নতুন নীতিমালা কার্যকর হলে প্রতিষ্ঠানের ভেতরে কর্মীদের মধ্যে উৎসাহ বাড়বে, কাজের গতি ত্বরান্বিত হবে এবং একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে অভিজ্ঞ কর্মকর্তাদের বিদেশি বা বেসরকারি খাতে উচ্চ বেতনে চলে যাওয়ার প্রবণতাও কমবে বলে আশা করা হচ্ছে। এতে যোগ্য জনবল ধরে রাখা সহজ হবে। গত ৯ জুন প্রকাশিত সরকারি গেজেটে ‘পেট্রোবাংলা ও অধীন কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নীতিমালা, ২০২৬’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্যানেল ও তালিকা তৈরির নিয়ম:
নতুন নীতিমালা অনুযায়ী, পেট্রোবাংলা প্রতি বছর নিজস্ব এবং অধীনস্থ কোম্পানিগুলোর যোগ্য কর্মকর্তাদের নিয়ে একটি প্যানেল বা প্রার্থী তালিকা তৈরি করবে। এই তালিকা অফিস আদেশ এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে হবে। কোনো কর্মকর্তা যদি তালিকা নিয়ে আপত্তি বা অভিযোগ করেন, তবে প্রকাশের ১৫ দিনের মধ্যে লিখিতভাবে তা জানাতে পারবেন। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এমডি হওয়ার যোগ্যতা:
নীতিমালায় বলা হয়েছে, এমডি পদে বিবেচিত হতে হলে প্রার্থীকে অবশ্যই পেট্রোবাংলা বা এর অধীন কোনো কোম্পানির কর্মকর্তা হতে হবে। চাকরির মেয়াদে অন্তত তিন বছর বাকি থাকতে হবে। এছাড়া কমপক্ষে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
শিক্ষাগত যোগ্যতায় চার বছরের প্রকৌশল ডিগ্রি, চার বছরের স্নাতক (সম্মান), তিন বছরের স্নাতকসহ এক বছরের স্নাতকোত্তর অথবা স্নাতক (পাস) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
গেজেটে আরও বলা হয়েছে, দুর্নীতি বা ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে যাওয়া ব্যক্তি এবং গুরুতর শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হওয়া কেউ এমডি পদে বিবেচিত হবেন না।এছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত কর্মকর্তারাও এই নিয়োগের জন্য অযোগ্য বলে গণ্য হবেন।
মূল্যায়নে ১০০ নম্বর:
প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় মোট ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় ৩৫, বার্ষিক গোপনীয় প্রতিবেদনে ও কর্মদক্ষতায় ২৫, চাকরিজীবনের অভিজ্ঞতা ও অর্জনে ২০, জ্বালানি খাত বিষয়ে রচনা বা উপস্থাপনায় ১০ এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর থাকবে।
চূড়ান্তভাবে এমডি পদে নির্বাচিত হতে হলে প্রার্থীকে কমপক্ষে ১০০ নম্বরের মধ্যে ৭৫ নম্বর পেতে হবে। পাশাপাশি মৌখিক পরীক্ষায় ১০-এর মধ্যে ন্যূনতম ৫ নম্বর অর্জন বাধ্যতামূলক। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
নীতিমালা অনুযায়ী, ছয় সদস্যের একটি নিয়োগ কমিটি প্রার্থী বাছাই করবে। এতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রতিনিধি, পেট্রোবাংলার পরিচালক এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যরা থাকবেন। গেজেটে আরও বলা হয়েছে, প্রয়োজনে সরকার সময় অনুযায়ী এই নীতিমালা সংশোধন বা পরিমার্জন করতে পারবে।

