পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১৬ হাজার কোটি টাকা অর্থায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। সংস্থাটির চলতি অর্থবছরের তুলনায় এ অর্থায়নের পরিমাণ প্রায় ৪৫ শতাংশ বেশি। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত পিকেএসএফের সাধারণ পর্ষদ সভায় নতুন অর্থবছরের বাজেট ও বার্ষিক কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বাংলাদেশ ব্যাংকের বরাদ্দ করা প্রণোদনা তহবিল কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এর ফলে এ খাতে অতিরিক্ত পাঁচ হাজার কোটি টাকা বিতরণের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে।
নতুন কর্মপরিকল্পনায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রচলিত অর্থায়ন কার্যক্রমের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, সমন্বিত অর্থায়ন, সৃজনশীল অর্থনীতি এবং জলবায়ু অভিযোজনভিত্তিক উদ্যোগের মাধ্যমে টেকসই কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরির কার্যক্রম আরও জোরদার করা হবে।
পিকেএসএফ জানিয়েছে, আগামী অর্থবছরে শুধু ঋণ বা অর্থায়ন সম্প্রসারণ নয়, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে তরুণ, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, উদ্যোক্তা বিকাশ এবং বাজার সংযোগ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দারিদ্র্য বিমোচন, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে।
পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, পর্ষদ সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার, ফারজানা চৌধুরী এবং ড. মো. তৌফিকুল ইসলাম অংশ নেন।

