চলতি ২০২৫–২৬ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় বিল দাখিলের শেষ সময় নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। সব হিসাবরক্ষণ কার্যালয়কে আগামী ২৫ জুনের মধ্যে সংশ্লিষ্ট বিল জমা দিতে বলা হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাজেট-১ অধিশাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। এতে সময়সীমা মেনে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
যুগ্মসচিব (বাজেট-১) মোহাম্মদ ফারুক-উজ-জামান স্বাক্ষরিত ওই পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আর্থিক শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির সময়সীমা, বাজেট বিল দাখিল ও নিষ্পত্তি এবং চেক বা ইলেকট্রনিক তহবিল স্থানান্তরের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্তের অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে সব ধরনের বেতন-ভাতা সংক্রান্ত বিল এই সময়সীমার আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ জুন মাসের বেতন-ভাতার বিল ২৫ জুনের পরও দাখিল করা যাবে। এ নির্দেশনা মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, হিসাব মহানিয়ন্ত্রক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

