বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যের চালান দ্রুত, নিরাপদ এবং নির্ভুলভাবে লোড-আনলোড নিশ্চিত করতে কার্গো হ্যান্ডলিং কার্যক্রমের জন্য নতুন ঠিকাদার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কাজে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৯ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৪০ টাকা।
গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বেনাপোল বন্দরের কার্গো হ্যান্ডলিং কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করতে এই উদ্যোগ গ্রহণ করেছে। এর লক্ষ্য হলো পণ্য ওঠানো-নামানোর সেবার মান বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও দক্ষ করে তোলা।
এ উদ্দেশ্যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। পরবর্তীতে দরপত্র মূল্যায়ন কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য বলে মত দেয়।
সব ধরনের মূল্যায়ন ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একমাত্র অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ‘এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড’-কে কাজ দেওয়ার সুপারিশ করা হয়। চট্টগ্রামভিত্তিক এই প্রতিষ্ঠানকে নিয়োগের প্রস্তাব নৌপরিবহন মন্ত্রণালয় অনুমোদনের জন্য উপস্থাপন করে।
প্রস্তাব অনুযায়ী, ৪৯ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৪০ টাকার বিনিময়ে প্রতিষ্ঠানটি পাঁচ বছরের জন্য বেনাপোল স্থলবন্দরে কার্গো হ্যান্ডলিং (ইক্যুইপমেন্ট) সেবা পরিচালনা করবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি শেষ পর্যন্ত সেই প্রস্তাব অনুমোদন দিয়েছে।

