দেশীয় মোটরযান শিল্পকে আরও শক্তিশালী করা এবং পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে ব্যক্তিগত গাড়ি কেনার ঋণের শর্তে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় সাধারণ গাড়ির তুলনায় ইলেকট্রিক, হাইব্রিড এবং দেশে উৎপাদিত বা সংযোজিত গাড়ি কেনার ক্ষেত্রে বেশি ঋণ সুবিধা দেওয়া হবে।
গত বৃহস্পতিবার (২৫ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে নতুন নির্দেশনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ ব্যক্তিগত গাড়ি কেনার ক্ষেত্রে একজন গ্রাহক বীমাসহ সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ইলেকট্রিক, হাইব্রিড এবং দেশে উৎপাদিত বা সংযোজিত গাড়ি কেনার জন্য ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশীয় মোটরযান উৎপাদন শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন-১৬ সংশোধন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে পরিবেশবান্ধব ও দেশীয়ভাবে উৎপাদিত যানবাহন কেনায় গ্রাহকেরা অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন।
ঋণের অংশীদারত্বের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। সাধারণ গাড়ির জন্য ব্যাংক ও গ্রাহকের অংশীদারত্বের অনুপাত থাকবে ৬০:৪০। কিন্তু ইলেকট্রিক, হাইব্রিড এবং দেশীয়ভাবে উৎপাদিত বা সংযোজিত গাড়ির ক্ষেত্রে এই অনুপাত সর্বোচ্চ ৮০:২০ করা হয়েছে। অর্থাৎ, কোনো গাড়ির মূল্য যদি ১ কোটি টাকা হয়, তাহলে এই শ্রেণির গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাওয়া যাবে।
এ ছাড়া ব্যক্তিগত ঋণ পরিশোধের সময়সীমাও বাড়ানো হয়েছে। রেগুলেশন-৩২ সংশোধনের মাধ্যমে আগের সর্বোচ্চ ৫ বছরের পরিবর্তে এখন থেকে ব্যক্তিগত ঋণ সর্বোচ্চ ৮ বছরের মধ্যে পরিশোধ করা যাবে।

