বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেন।
গত ২৫ জুন চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। শনিবার (২৭ জুন) সাংবাদিকদের ব্রিফিংয়ে বিডা চেয়ারম্যান জানান, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। এই ইতিবাচক পরিবর্তনের বার্তা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো পাঁচ বছরের করনীতি-সংক্রান্ত পূর্বাভাস বা ট্যাক্স আউটলুক প্রকাশ করেছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতার বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বৈঠকে চীনা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে যেসব বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, সেগুলো হলো—
- পেট্রোলিয়াম প্রকৌশল ও গ্যাসক্ষেত্র উন্নয়ন খাতে বিশেষায়িত চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড বাংলাদেশের গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
- বিশ্বের শীর্ষ ওয়েস্ট-টু-এনার্জি বিনিয়োগকারী ও পরিচালনাকারী প্রতিষ্ঠান সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে ৮৯০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
- রাষ্ট্রায়ত্ত নির্মাণ প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, বন্ডেড গুদাম নির্মাণ এবং মোংলাকে আঞ্চলিক লজিস্টিকস কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
- শেনজেন কাইফা টেকনোলজি কোম্পানি লিমিটেড বাংলাদেশে স্মার্ট বিদ্যুৎ মিটার উৎপাদনে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায়।
- চীনের বৃহত্তম লজিস্টিকস প্রতিষ্ঠান এসএফ এক্সপ্রেস মোংলায় কোল্ড-চেইন লজিস্টিকস ও বন্ডেড গুদাম সুবিধা গড়ে তুলতে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। এতে ই-কমার্স ও রপ্তানি খাত আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
- হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড পায়রা বন্দর শিল্পাঞ্চলে পুনর্ব্যবহৃত তুলা ও সুতা উৎপাদন সম্প্রসারণ, সিলিন্ড্রিক্যাল লিথিয়াম ব্যাটারি উৎপাদন এবং নিজস্ব ব্যবহারের জন্য ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।
- ঝংসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা বন্দর শিল্পাঞ্চলে ই-বর্জ্য পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তি শিল্পপ্রকল্প গড়ে তুলতে ১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
- সিআরআরসি জিয়ান কোম্পানি লিমিটেড বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে যৌথ উদ্যোগে রেলগাড়ির যন্ত্রাংশ সংযোজন কারখানা স্থাপনে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
- সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কোম্পানি লিমিটেড জাতীয় যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
- চায়না কেপাই এডুকেশন গ্রুপ দীর্ঘমেয়াদে ৩০ হাজার শিক্ষার্থীর ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা শিল্পপার্ক নির্মাণে ২৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে।
- চায়না শানডং ঝংসিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড বাংলাদেশে বৃহৎ পরিসরে চীনা ভেষজ উদ্ভিদের চাষ এবং সংশ্লিষ্ট শিল্প গড়ে তুলতে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

