বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। একই সঙ্গে দেশটির বিনিয়োগকারীরা নিজেদের অর্থায়নে বাংলাদেশে একটি আধুনিক গ্রিন সিটি গড়ে তোলার আগ্রহও প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
গতকাল শনিবার (২৭ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
চৌধুরী আশিক মাহমুদ বলেন, চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বাংলাদেশে দ্রুত নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। কীভাবে স্বল্প সময়ের মধ্যে আরও বেশি বিনিয়োগ এনে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক এই সফরের ইতিবাচক ফল খুব শিগগিরই দৃশ্যমান হবে। তার আশা, আগামী তিন মাসের মধ্যেই সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি সুদূরপ্রসারী ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যার প্রভাব দেশবাসী দেখতে পাবে।

