রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের অনাদায়ি আয়কর বাবদ ২৯ কোটি ১৫ লাখ টাকা এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুন মাসে সরকারকে এই বকেয়া অর্থ পরিশোধ করা হয়েছে।
গতকাল রোববার (২৮ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে দীর্ঘদিনের বকেয়া আয়কর পরিশোধের উদ্যোগ নেয় বর্তমান ব্যবস্থাপনা। সেই উদ্যোগের অংশ হিসেবে সরকারকে এককালীন ২৯ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিএসসিএলের মতে, অতীতের আর্থিক দায় পরিশোধের এই পদক্ষেপ প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, দীর্ঘদিনের আর্থিক দায় নিষ্পত্তির মাধ্যমে তাদের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ভবিষ্যতে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতেও এটি সহায়ক হবে বলে তারা মনে করছে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিএসসিএলের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অতীতের যেসব আর্থিক দায় অনিষ্পন্ন ছিল, সেগুলো ধাপে ধাপে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। চার অর্থবছরের অনাদায়ি আয়কর পরিশোধ সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু আর্থিক সাফল্য অর্জন নয়, বরং জবাবদিহিমূলক, টেকসই ও সুশাসনভিত্তিক একটি প্রতিষ্ঠান হিসেবে বিএসসিএলকে গড়ে তোলা।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো লাভের মুখ দেখেছে বিএসসিএল। প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ওই অর্থবছরে কোম্পানিটির মোট আয় হয়েছে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা। একই সময়ে মোট ব্যয় হয়েছে ২০৬ কোটি ৭৭ লাখ টাকা। ফলে নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।

