চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ২৪ লাখ ডলার প্রবাসী আয়।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি মার্কিন ডলার। তবে চলতি অর্থবছরে সামগ্রিকভাবে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ইতিবাচক রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৫৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৭ দশমিক ৬০ শতাংশ বেশি।
এর আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এপ্রিলে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড গড়ে।
এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

