জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব বলেছেন, দেশের রাজস্ব আদায় এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়েই এই চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এনবিআরের বিদায়ী চেয়ারম্যান এবং নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে অর্থ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আহসান হাবিব বলেন, দায়িত্ব পালনে তিনি সততা ও নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তাঁর ভাষ্য, দেশের ১৮ কোটি মানুষ নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে উন্নয়নের গতি আরও বাড়বে। সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বিদায়ী চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, রাজস্ব আদায় অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। তবে সম্মিলিত প্রচেষ্টা থাকলে সেই লক্ষ্য অর্জন অসম্ভব নয়।
এর আগে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর প্রশাসনের কর্মকর্তা আহসান হাবিবকে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তিনি মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

