সরকার যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে মোট ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ আমদানির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকার থেকে সরকার পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনা হবে।
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমের প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩২২ মার্কিন ডলার। এ খাতে ব্যয় হবে ৮৬৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।
অন্যদিকে, সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মেট্রিক টন ২৯৭.৯২ মার্কিন ডলার দরে ৫০ হাজার মেট্রিক টন গম কেনা হবে, যার মোট ব্যয় ১৮২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা।

