গাইবান্ধার সুন্দরগঞ্জে দীর্ঘদিনের কষ্টে জমানো প্রায় ২ লাখ টাকা উইপোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে। সঞ্চয়ের টাকা এভাবে হারিয়ে কৃষক তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী এখন দিশেহারা।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে।
কৃষক তোফাজ্জল হোসেন স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওই গ্রামে বসবাস করেন। দুই মেয়ের বিয়ে হয়েছে এবং তারা ঢাকায় চাকরি করেন। পরিবারের ভবিষ্যৎ ও জরুরি প্রয়োজনের কথা চিন্তা করে দীর্ঘদিন ধরে টাকা জমাচ্ছিলেন তিনি।
মেয়ের জামাইয়ের দেওয়া ৫০ হাজার টাকা, নিজের সঞ্চয় এবং জমি বন্ধক রেখে পাওয়া অর্থ মিলিয়ে প্রায় ২ লাখ টাকা সংগ্রহ করেছিলেন তোফাজ্জল। নিরাপদ মনে করে টাকাগুলো ঘরের একটি কাঠের বাক্সে রেখে দেন।
কিন্তু প্রয়োজনের সময় বাক্স খুলে টাকা বের করতে গিয়ে তার চোখে পড়ে ভয়াবহ দৃশ্য। এক হাজার টাকার নোটের বান্ডিলগুলো উইপোকায় কেটে ছিন্নভিন্ন করে ফেলেছে। দীর্ঘদিনের কষ্টের সঞ্চয় মুহূর্তেই পরিণত হয়েছে মূল্যহীন কাগজের স্তূপে।
নিজের কষ্টার্জিত টাকা এভাবে নষ্ট হতে দেখে কান্নায় ভেঙে পড়েন তোফাজ্জল। একই সঙ্গে দিশেহারা হয়ে পড়েন তার স্ত্রীও।
তোফাজ্জল বলেন, “অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছিলাম। কিন্তু উইপোকা সব শেষ করে দিয়েছে। এখন কীভাবে এই ক্ষতি সামলাবো, বুঝতে পারছি না।”
প্রতিবেশীরা জানান, পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল। দীর্ঘদিনের কষ্টে জমানো এই অর্থ হারিয়ে পরিবারটি এখন বড় ধরনের সংকটে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা পরিবারটির দুরবস্থার কথা বিবেচনা করে স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন।

