ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্জ্য পরিবহন-সংক্রান্ত খসড়া নীতিমালায় বাংলাদেশের আমদানিযোগ্য পণ্যের তালিকা থেকে ধাতব বর্জ্য বাদ দেওয়া হয়েছে।
খসড়া তালিকায় এই অবস্থান বহাল থাকলে ২০২৭ সালের ২১ মে থেকে ইউরোপের দেশগুলো থেকে ফেরাস স্ক্র্যাপ আমদানির সুযোগ হারাতে পারে বাংলাদেশ। এতে ইস্পাত উৎপাদনের ব্যয় বাড়ার পাশাপাশি কাঁচামালের সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
দেশের ইস্পাত শিল্প এমনিতেই গ্যাস ও বিদ্যুৎ সংকট, দুর্বল চাহিদা এবং বাড়তি উৎপাদন ব্যয়ের চাপে রয়েছে। এর মধ্যে ইউরোপের বাজার থেকে স্ক্র্যাপ আমদানির সুযোগ সীমিত হলে সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ, বিলেট ও রিইনফোর্সিং বার বা রড তৈরিতে আমদানিকৃত স্ক্র্যাপ গুরুত্বপূর্ণ কাঁচামাল। ফলে সরবরাহের বড় একটি উৎস হারালে বিকল্প বাজার থেকে কাঁচামাল সংগ্রহের খরচ বেড়ে যেতে পারে।
শিল্প বিশ্লেষক ও জাগুয়ার রিসোর্স অ্যান্ড ক্যাপিটাল প্রাইভেট লিমিটেডের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইফতেখার আহমেদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের মোট স্ক্র্যাপ আমদানির ৬০ শতাংশের বেশি ঐতিহাসিকভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে আসত। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে এ উৎস থেকে আমদানি কিছুটা কমলেও ইউরোপের বাজার দীর্ঘ মেয়াদে হারানোর ঝুঁকি গুরুত্বপূর্ণ।
আমদানি নির্ভরতার চিত্রও উদ্বেগের কারণ। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ প্রায় ৫২ লাখ ৯০ হাজার টন ফেরাস স্ক্র্যাপ আমদানি করেছে। বিপরীতে দেশীয় উৎস থেকে সরবরাহ ছিল প্রায় ১০ লাখ টন। অর্থাৎ মোট ৬২ লাখ ৯০ হাজার টন সরবরাহের প্রায় ৮৪ শতাংশই এসেছে বিদেশ থেকে। ইউরোপের সরবরাহ বন্ধ হলে উৎপাদনকারীদের বিকল্প উৎসের দিকে যেতে হবে। এতে অন্যান্য সরবরাহকারী দেশের স্ক্র্যাপের জন্য প্রতিযোগিতা বাড়তে পারে। পাশাপাশি জাহাজ ভাড়া, কাঁচামালের দাম ও পরিবহন ব্যয়ও বাড়ার ঝুঁকি থাকবে।
স্ক্র্যাপের বাড়তি খরচ শেষ পর্যন্ত কতটা ইস্পাতের দামে প্রভাব ফেলবে, তা নির্ভর করবে বিকল্প উৎস থেকে সরবরাহ, কারখানার মজুত, ডলারের বিনিময় হার এবং উৎপাদনকারীরা বাড়তি ব্যয় কতটা ক্রেতাদের ওপর চাপাতে পারবেন তার ওপর।
এই অনিশ্চয়তার কেন্দ্রে রয়েছে পরিবেশগত শর্ত পূরণের প্রশ্ন। ইইউর সংশোধিত বর্জ্য পরিবহন বিধিমালা, রেগুলেশন (ইইউ) ২০২৪/১১৫৭ অনুযায়ী, ওইসিডির সদস্য নয় এমন দেশগুলোতে নির্দিষ্ট ধরনের বর্জ্য রপ্তানির ক্ষেত্রে ইউরোপীয় কমিশনের অনুমোদিত তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট দেশকে প্রমাণ করতে হবে, আমদানি করা বর্জ্য পরিবেশের ক্ষতি না করে ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাত করার মতো যথাযথ ব্যবস্থা তাদের রয়েছে। বাংলাদেশ কাগজ ও রাবার বর্জ্য আমদানির ক্ষেত্রে শর্ত পূরণ করতে পারলেও ধাতব বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে। ধাতব বর্জ্য প্রক্রিয়াজাত করার সময় সিসা, পারদ ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর উপাদান পরিবেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় এ শর্তকে গুরুত্ব দিচ্ছে ইইউ।
তবে বাংলাদেশের জন্য দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা খাতুন মিনুর দেয়া এক বক্তব্য অনুযায়ী, অনুমোদিত তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তির আবেদন পর্যালোচনাধীন রয়েছে। ভারত ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশও তালিকা থেকে বাদ পড়েছে। ফলে বিষয়টি শুধু বাংলাদেশের জন্য আলাদা কোনো সিদ্ধান্ত নয়; বরং ওইসিডি-বহির্ভূত দেশগুলোর বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা যাচাইয়ের বৃহত্তর প্রক্রিয়ার অংশ। ২০২৬ সালের শেষ নাগাদ অনুমোদিত গন্তব্য দেশগুলোর প্রথম তালিকা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
এখন বাংলাদেশের সামনে দুটি কাজ সমান গুরুত্বপূর্ণ। একদিকে, পরিবেশবান্ধব স্ক্র্যাপ প্রক্রিয়াজাতকরণ, ক্ষতিকর উপাদান নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতার নির্ভরযোগ্য প্রমাণ দিয়ে তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা জোরদার করতে হবে। অন্যদিকে, দীর্ঘ মেয়াদে একটি নির্দিষ্ট আমদানি উৎসের ওপর নির্ভরতা কমাতে বিকল্প সরবরাহকারী দেশ ও দেশীয় স্ক্র্যাপ সংগ্রহের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

