জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে আরও টেকসই করার পাশাপাশি জলবায়ুজনিত বিভিন্ন ঝুঁকি থেকে তাদের সুরক্ষায় কাজ করা হবে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ নানামুখী ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং এসব ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংকের এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক সহযোগিতা করে আসছে। দ্বিপক্ষীয় ভিত্তিতে বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নেওয়ার তুলনায় বিশ্বব্যাংকের অর্থায়নে সুদের হার সাধারণত কম হওয়ায় উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সংস্থাটিকে অগ্রাধিকার দেওয়া হয়।
বৈঠকে উপকূলীয় অঞ্চলের পাশাপাশি রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে কড়াইল ও ভাসানটেকের মতো এক বা দুটি বস্তি এলাকাকে মডেল হিসেবে নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।
মন্ত্রী জানান, আগামী এক থেকে দুই বছরের মধ্যে এ ধরনের মডেল প্রকল্প তৈরি করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ শুরু করার আশা রয়েছে। তবে প্রকল্পের ব্যয়, অবকাঠামো ও সুযোগ-সুবিধার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জাঁ পেসমে বলেন, ঢাকার চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোর উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছোট পরিসরে উদ্যোগ নেওয়া হবে, যাতে শহরের বাসিন্দাদের জীবনে বাস্তব পরিবর্তন আসে।
বৈঠকে বিশ্বব্যাংকের নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবদালরাজ্জাক এফ খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপক গেইল এইচ মার্টিন, জ্যেষ্ঠ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মোরিন ফ্লোয়াসাক এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল উপস্থিত ছিলেন। এ সময় পানি সরবরাহ, স্যানিটেশন, পল্লী উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়।

