হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে সাপ্তাহিক মজুরি না পেয়ে শূন্য হাতে বাড়ি ফিরেছেন শ্রমিকরা। গতকাল মজুরি দেওয়ার কথা থাকলেও আর্থিক সংকটের কারণে তা পরিশোধ করতে পারেনি বাগান কর্তৃপক্ষ।
বাগান কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সেখানে শ্রমিকের সংখ্যা ৮৫০ জন। একদিনের মধ্যে মজুরি পরিশোধ না করা হলে কাজে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
একসময় দেশের অন্যতম পরিপাটি চা বাগান হিসেবে পরিচিত ছিল নোয়াপাড়া চা বাগান। সাবেক মন্ত্রী মুর্শেদ খানের মালিকানাধীন এ বাগানটি গত কয়েক বছর ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে শ্রমিকদের জীবনযাত্রায়।
শ্রমিকদের অভিযোগ, নিয়মিত মজুরি না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক আগামীর সময়কে বলেন, গত দুই বছর ধরে শ্রমিকদের সঙ্গে বাগান কর্তৃপক্ষের মজুরি নিয়ে সমস্যা চলছে। শ্রমিকদের জনপ্রতি চার হাজার টাকা করে এরিয়ার বিল পাওনা রয়েছে। এ ছাড়া দুই মাস আগের এক সপ্তাহের মজুরিও বকেয়া রয়েছে।
সূত্র: আগামীর সময়

