চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দেওয়ার পরিকল্পনা করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। এই অর্থায়নের আওতায় নতুন একটি আধুনিক স্বাস্থ্যসম্মত বর্জ্য নিষ্পত্তিকেন্দ্র নির্মাণের পাশাপাশি ৫০টির বেশি বর্জ্য সংগ্রহের গাড়ি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য সংগ্রহ, পরিবহন ও নিষ্পত্তির সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
বুধবার (৪ নভেম্বর) নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে জাইকার একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, প্রস্তাবিত অনুদান প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য জাপান সরকার ইতোমধ্যে অনুমোদন দিয়েছে। এর অংশ হিসেবে আগামী ডিসেম্বরে জাইকার প্রধান কার্যালয় থেকে একটি বিশেষজ্ঞ দল চট্টগ্রাম সফরে আসার কথা রয়েছে। দলটি প্রকল্পের কারিগরি, পরিবেশগত ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান নিশ্চিত করতে নতুন একটি স্বাস্থ্যসম্মত বর্জ্য নিষ্পত্তিকেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, নতুন কেন্দ্র নির্মাণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ফতেয়াবাদ নন্দীরহাট এলাকায় ইতোমধ্যে ২৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণ করা জমি দুটি পৃথক অংশে বিভক্ত। এর মধ্যে একটি অংশের আয়তন ১৮ একর এবং অন্যটির আয়তন ১০ একর।
জাইকা বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিনিধি হিদেকি ওসাওয়া জানান, নতুন বর্জ্য নিষ্পত্তিকেন্দ্র নির্মাণের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিতে সংস্থাটির কারিগরি সহায়তা দল সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। প্রকল্পের নকশা ও প্রয়োজনীয় কাজের পরিমাণ এবং ব্যয়ের হিসাব প্রস্তুতের কাজ চলছে। এর মাধ্যমে উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন জাইকার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সফলভাবে শেষ করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
নতুন বর্জ্য নিষ্পত্তিকেন্দ্র নির্মাণের পাশাপাশি নগরীর বিদ্যমান বর্জ্য ফেলার স্থানগুলোর ব্যবস্থাপনা উন্নত করতেও জাইকার কারিগরি সহায়তা চান তিনি।
ডা. শাহাদাত হোসেনের মতে, চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদে কার্যকর করতে উন্নত অবকাঠামোর পাশাপাশি উপযুক্ত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা জরুরি। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আরও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান, জাইকা বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক মো. আবদুল্লাহ বিন হোসেন এবং জাইকার বিশেষজ্ঞ দলের সদস্য তাকাতোশি আরাই, হিরোফুমি মিয়োশি, সাতোশি হিগাশিনাকাগাওয়া ও প্রকৌশলী গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত প্রকল্পটি এখনো সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। যাচাই কার্যক্রম শেষে অর্থায়ন ও বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রকল্পটি অনুমোদন পেলে চট্টগ্রাম নগরীর বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত পুরো ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

