সিটি গ্রুপের পাঁচটি খেলাপি প্রতিষ্ঠানকে নতুন করে চলতি মূলধন ঋণ নেওয়ার সুযোগ করে দিতে ব্যাংক কোম্পানি আইনের একটি ধারা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে সিটি ব্যাংকের নেতৃত্বে গঠিতব্য ব্যাংক সিন্ডিকেট থেকে প্রতিষ্ঠানগুলো মোট ৩ হাজার কোটি টাকার ঋণ পাবে।
বুধবার (৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে না। এই ধারা অনুযায়ী, ঋণখেলাপি কোনো প্রতিষ্ঠান নতুন ব্যাংকঋণ পাওয়ার যোগ্য নয়। ডেপুটি গভর্নর কবির আহাম্মদ প্রজ্ঞাপনটি জারি করেছেন।
ঋণ পাওয়ার জন্য বিবেচিত প্রতিষ্ঠানগুলো হলো সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, সিটি ডাল মিলস লিমিটেড এবং শম্পা ফ্লাওয়ার মিলস লিমিটেড। তীর ব্র্যান্ডের পণ্য বাজারজাতকারী এই শিল্পগোষ্ঠী নতুন ঋণ নিয়ে ব্যবসা পরিচালনার সুযোগ পাবে।
প্রজ্ঞাপনে ঋণের বিষয়ে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ঋণের কারণে সরকার বা বাংলাদেশ ব্যাংকের ওপর কোনো আর্থিক দায় তৈরি হবে না। ভবিষ্যতে সিটি ব্যাংক বা সিন্ডিকেটের অন্য কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ ঋণের কারণে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের কাছে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। পাশাপাশি পর্যাপ্ত জামানত নিশ্চিত করতে সিটি গ্রুপকে এমন সম্পত্তি নিবন্ধিত বন্ধক (রেজিস্টার্ড মর্টগেজ) হিসেবে দিতে হবে, যা অন্য কোনো ঋণ বা দায়ের বিপরীতে বন্ধক রাখা নেই।
এ ছাড়া সিন্ডিকেটের ঋণের অর্থে কেনা পণ্য বিক্রি করে পাওয়া টাকা একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। ওই হিসাব থেকে আনুপাতিক হারে ঋণদাতা ব্যাংকগুলোর পাওনা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হবে।

