Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আইএমএফের ঋণের দরজায় চার কড়া শর্ত, কঠিন পরীক্ষায় এনবিআর
    অর্থনীতি

    আইএমএফের ঋণের দরজায় চার কড়া শর্ত, কঠিন পরীক্ষায় এনবিআর

    নিউজ ডেস্কনভেম্বর 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইএমএফ ও অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ পেতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চারটি কঠিন শর্ত পূরণ করতে হবে। ২০৩১ সালের মধ্যে সব ধরনের কর অব্যাহতি তুলে দেওয়া, সারা দেশে ভ্যাটের অভিন্ন হার চালু করা, রাজস্ব আহরণ বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনা জমা দেওয়া এবং এনবিআরের নীতি ও বাস্তবায়ন কার্যক্রম আলাদা করা, এই চার শর্তই এখন সংস্থাটির সামনে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

    সূত্র জানায়, সম্প্রতি এনবিআরের চেয়ারম্যান সংস্থাটির আয়কর, ভ্যাট ও শুল্ক—এই তিন নীতি অনুবিভাগের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকেই আইএমএফের শর্তগুলো বিস্তারিতভাবে আলোচনায় উঠে আসে। সংশ্লিষ্টরা বলছেন, আগের ঋণের ক্ষেত্রেও কিছু শর্ত ছিল। কিন্তু সেগুলো এনবিআর অনেকটাই ঢিলেঢালাভাবে বাস্তবায়ন করেছিল। এবার সেই সুযোগ কম, কারণ নতুন ঋণের শর্তগুলো তুলনামূলক কঠোর এবং বাস্তবায়নের ওপর বাড়তি নজর রাখবে আইএমএফ।

    সবচেয়ে বড় শর্ত কর অব্যাহতি নিয়ে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে কর অব্যাহতির পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। সাধারণত দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া এবং অর্থনীতির গতি ধরে রাখতে সরকার এ ধরনের সুবিধা দিয়ে থাকে। কিন্তু আইএমএফের মতে, এত বড় অঙ্কের ছাড় রাজস্ব আদায়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। তাই ২০৩১ সালের মধ্যে ধাপে ধাপে সব ধরনের কর অব্যাহতি তুলে দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

    দ্বিতীয় শর্ত ভ্যাটের অভিন্ন হার বাস্তবায়ন। বর্তমানে খাতভেদে ভ্যাটের হার ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বিভিন্ন স্ল্যাবে নির্ধারিত রয়েছে। শিল্পের সুবিধা এবং জনস্বার্থ বিবেচনায় সরকার এই বিভিন্ন হার বজায় রেখেছে। আইএমএফ চায়, সব ক্ষেত্রে একটি অভিন্ন হার চালু হোক। সেটি ১৫ শতাংশ হলে সব পণ্য ও সেবায় ১৫ শতাংশ, আর ১০ শতাংশ বা সাড়ে ৭ শতাংশ হলে সর্বত্র একই হার কার্যকর হবে।

    তৃতীয় শর্ত হলো রাজস্ব আহরণ বাড়ানোর পরিকল্পনা। এনবিআরের ভবিষ্যৎ কর্মকৌশল কী, কীভাবে কর আদায় বাড়ানো হবে এবং করের আওতা কীভাবে সম্প্রসারিত হবে, তা লিখিতভাবে জানাতে বলেছে আইএমএফ। এনবিআরের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে সংস্থাটির প্রতিনিধিদল করের আওতা বাড়ানোর বিষয়টিতে বিশেষ জোর দিয়েছে। বরাবরের মতো নতুন ঋণ প্রস্তাবেও এই দাবি জোরালোভাবে তোলা হয়েছে এবং তারা এর বাস্তব অগ্রগতি দেখতে চায়।

    চতুর্থ শর্ত এনবিআরকে নীতি ও বাস্তবায়ন, এই দুই ভাগে আলাদা করা। বৈঠকে উপস্থিত এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইএমএফের বড় উদ্বেগের জায়গা হচ্ছে কর অব্যাহতি তুলে দেওয়া এবং ভ্যাটের একটি মানসম্মত হার নির্ধারণ। একই সঙ্গে রাজস্ব বাড়াতে এনবিআরের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছে সংস্থাটি। আরেকটি বড় উদ্বেগ এনবিআর বিভক্তকরণ। সরকার ইতিমধ্যে এনবিআরকে ভাগ করে অধ্যাদেশ জারি করেছে। তবু বিষয়টির কার্যকর বাস্তবায়ন দেখতে চায় আইএমএফ।

    অন্তর্বর্তী সরকার এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করলেও এ-সংক্রান্ত বিল আগামী সংসদ অধিবেশনে উঠবে বলে জানা গেছে। নতুন কাঠামোয় রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন আলাদা দুটি বিভাগ হবে। রাজস্ব নীতি বিভাগ নীতি প্রণয়নের দায়িত্ব পালন করবে। আর বর্তমান এনবিআর রূপ নেবে বাস্তবায়ন বিভাগে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজস্ব নীতি বিভাগে ১৬ সদস্যের একটি কাউন্সিল থাকবে। ভবিষ্যতের রাজস্ব নীতি কী হবে, তা ওই কাউন্সিলের মাধ্যমে নির্ধারিত হবে। কাউন্সিলে ব্যবসায়ী, আমলা, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও থাকতে পারেন বলে মন্ত্রণালয় সূত্র ইঙ্গিত দিয়েছে।

    অর্থনীতিবিদদের মতে, কর অব্যাহতি তুলে নেওয়া এবং ভ্যাটের একক হার চালু হলে সরকারের রাজস্ব আয় বাড়তে পারে। তবে এর প্রভাব সরাসরি পড়তে পারে বাজারে পণ্যের দামে ও দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতায়। বিশেষ করে যেসব খাত এতদিন কর ছাড়ের সুবিধা পেয়ে আসছে, সেগুলোর ব্যয় বাড়তে পারে। ফলে সাধারণ ভোক্তার ওপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ভ্যাটের হার অভিন্ন করা হলে কোন হারটি নির্ধারণ করা হবে, তা নিয়েও ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের মধ্যে মতভেদ দেখা দিতে পারে।

    সব মিলিয়ে আইএমএফের ঋণ পাওয়ার পথ এনবিআরের জন্য সহজ হচ্ছে না। শর্ত পূরণে সময়সীমা, রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা—তিনটিই এখন বড় পরীক্ষার মুখে। সংশ্লিষ্টদের মতে, শর্তগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তার ওপরই নির্ভর করবে ঋণের কিস্তি ছাড় এবং দেশের সামগ্রিক রাজস্ব ব্যবস্থার ভবিষ্যৎ দিকনির্দেশনা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফিনল্যান্ডের জলসীমায় ড্রোন হামলা, জ্বলছে রুশ পণ্যবাহী জাহাজ

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    গাবতলীতে ৭৮৪টি ফ্ল্যাট পাচ্ছেন ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীরা

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    ভিয়েতনামের মতো সুযোগ-সুবিধা পেলে সেই হারে বেতন দেব: বিজিএমইএ সভাপতি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.