অক্টোবরে দেশের বেসরকারি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা গতি ফিরেছে। টানা দুই মাস সংকোচনের পর পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) আবার ৫০ পয়েন্টের ওপরে উঠেছে। তবে সূচকের উন্নতি হলেও উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন অর্ডার ও ব্যবসায়িক কার্যক্রমের দুর্বলতা কাটেনি।
প্রতিবেদনটি সোমবার (৯ নভেম্বর) প্রকাশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি)। পিএমআই সূচকে ৫০-এর বেশি স্কোর সম্প্রসারণ এবং ৫০-এর নিচের স্কোর সংকোচন নির্দেশ করে। সেপ্টেম্বরে সূচকটি ৪৮ দশমিক ৬ পয়েন্টে নেমে গিয়েছিল।
চারটি খাতের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে কৃষি। অক্টোবরে এ খাতের পিএমআই ৬ পয়েন্ট বেড়ে ৬১ দশমিক ২-এ পৌঁছেছে। এ নিয়ে টানা ১৪ মাস সম্প্রসারণের ধারায় রয়েছে কৃষি খাত। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থানে প্রবৃদ্ধির পাশাপাশি অসমাপ্ত অর্ডারের সূচকেও উন্নতি হয়েছে।
উৎপাদন খাতের পিএমআই ৬ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৫০ দশমিক ৯ হয়েছে। নির্মাণ খাতের সূচক ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১-এ। সেবা খাতের পিএমআই ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে হয়েছে ৫০ দশমিক ৩। ফলে তিনটি খাতই সামগ্রিক সূচকে আবার সম্প্রসারণের অবস্থানে ফিরেছে। তবে এসব খাতের নতুন অর্ডার ও ব্যবসায়িক কার্যক্রমের গতি এখনো দুর্বল।
প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদন খাতে নতুন অর্ডার, রপ্তানি অর্ডার ও কারখানার উৎপাদন এখনো সংকোচনের মধ্যে রয়েছে। নির্মাণ খাতে নতুন ব্যবসা ও নির্মাণ কার্যক্রমও কমেছে। অন্যদিকে সেবা খাতে নতুন ব্যবসা, সামগ্রিক কার্যক্রম ও অসমাপ্ত অর্ডারের সূচক সংকোচনে রয়েছে। চারটি খাতেই উপকরণ ও ব্যবসায়িক ব্যয়ের চাপ অব্যাহত রয়েছে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম. মাশরুর রিয়াজ বলেন, দুই মাসের দুর্বল অবস্থার পর অক্টোবরে পিএমআইয়ের উন্নতি ইতিবাচক হলেও অর্থনীতির পুনরুদ্ধার এখনো নাজুক। কৃষি খাতের ভালো অবস্থান এবং রপ্তানি কার্যক্রমের উন্নতি এতে ভূমিকা রেখেছে। তবে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন অর্ডার ও ব্যবসায়িক কার্যক্রম এখনো সংকুচিত হচ্ছে।
তিনি বলেন, এই পুনরুদ্ধার ধরে রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, ব্যবসার চলতি মূলধনের সংকট দূর করা এবং পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি। পাশাপাশি ব্যবসার পরিবেশ আরও স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য করতে হবে, যাতে উদ্যোক্তাদের আস্থা বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের (এসআইপিএমএম) কারিগরি সহযোগিতায় এমসিসিআই ও পিইবি যৌথভাবে নিয়মিত এ সূচক প্রকাশ করে। বেসরকারি খাতের ৫০০টির বেশি প্রতিষ্ঠানের ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরিপের ভিত্তিতে পিএমআই তৈরি করা হয়। অর্থনীতির সাম্প্রতিক গতিপ্রকৃতি সম্পর্কে আগাম ধারণা পেতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা এ সূচক ব্যবহার করেন।

