দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলাকে আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে নতুন জেটি নির্মাণ, পশুর চ্যানেল খনন ও নৌ-যোগাযোগ উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৪ হাজার ৬৮ কোটি টাকার নতুন প্রকল্পসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ এগোচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর অঞ্চলে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সরকার গঠনের পর গত ২২ অক্টোবর ও ৫ নভেম্বর দুই দফায় মোংলা বন্দর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বশেষ ৫ নভেম্বর তিনি বন্দরের ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক ঋণ হিসেবে দেবে ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকা। বাকি ৪৭৫ কোটি ৩৩ লাখ টাকা জোগান দেবে বাংলাদেশ সরকার। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে। এতে বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বেড়ে প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউতে পৌঁছাবে।
প্রকল্পের আওতায় দুটি জেটির পাশাপাশি প্রায় ২ লাখ ২৭ হাজার বর্গমিটারের কনটেইনার ইয়ার্ড এবং কনটেইনার ফ্রেইট স্টেশন নির্মাণ করা হবে। এতে কনটেইনার সংরক্ষণ ও পণ্য ওঠানো-নামানোর সক্ষমতা বাড়বে। পাশাপাশি ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে সরাসরি মোংলা বন্দরে কনটেইনার ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে সময় ও খরচ কমার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ভারতীয় ঋণ সহায়তায় খুলনা-মোংলা রেললাইন নির্মাণ করা হয়েছে।
বন্দরের সক্ষমতা বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পশুর চ্যানেলের নাব্যতা উন্নয়ন। এ জন্য ১ হাজার ৫৩৮ কোটি ১৯ লাখ টাকার ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রকল্পটি সম্পন্ন হলে ৯ দশমিক ৫ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ সরাসরি বন্দরের জেটিতে ভিড়তে পারবে। বর্তমানে নাব্যতা সংকটের কারণে বড় জাহাজকে বহির্নোঙরে পণ্য খালাস করে অপেক্ষাকৃত কম পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করতে হয়। এতে সময় ও পরিবহন ব্যয় বাড়ে।
এ ছাড়া বন্দরের কার্যক্রম ও নিরাপত্তা বাড়াতে দুটি টাগবোট সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি বয়া স্থাপনকারী জাহাজ, অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ, পাইলট মাদার ভেসেল এবং হাইড্রোগ্রাফিক জরিপ ও গবেষণার কাজে ব্যবহৃত জাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলছে। জাহাজ থেকে বর্জ্য ও ছড়িয়ে পড়া তেল অপসারণের মাধ্যমে সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় নেওয়া প্রকল্পটিও শেষ পর্যায়ে রয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদ উল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর দুই দফা মোংলা বন্দর পরিদর্শন থেকে বোঝা যায়, বন্দরটির উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়লে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন, নতুন অবকাঠামোর পাশাপাশি দীর্ঘমেয়াদে নাব্যতা ধরে রাখা এবং পণ্য পরিবহনের নির্ভরযোগ্য ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম জানান, অতীতে বড় জাহাজগুলোকে বহির্নোঙরে প্রায় অর্ধেক পণ্য খালাস করতে হতো। অন্যদিকে মোংলা পোর্ট বার্থ অ্যান্ড শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বলেন, নাব্যতা সংকটের কারণে আগের তুলনায় কনটেইনারবাহী জাহাজের আগমন কমেছে। এতে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি জাহাজের সময়সূচি ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে না পেরে রপ্তানিকারকদেরও ঝুঁকিতে পড়তে হয়। এ কারণে অনেক ব্যবসায়ী চট্টগ্রাম বন্দর ব্যবহার করছেন।
মোংলা পোর্ট কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেনও নাব্যতা সংকট স্থায়ীভাবে সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, নিয়মিত ড্রেজিংয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উচ্চপর্যায়ের তদারকি প্রয়োজন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন জেটি, উন্নত নৌপথ ও রেল-সড়ক যোগাযোগের সমন্বয় ঘটলে মোংলা বন্দরের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। এর সুফল শুধু বন্দরের কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে না, বরং আশপাশের জেলাগুলোতেও নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

