Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মূল্যস্ফীতির চাপে কমছে মানুষের ক্রয়ক্ষমতা
    অর্থনীতি

    মূল্যস্ফীতির চাপে কমছে মানুষের ক্রয়ক্ষমতা

    নিউজ ডেস্কনভেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে মূল্যস্ফীতি এখনো স্বস্তিদায়ক পর্যায়ে নামেনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পরিবহন, বাসাভাড়া ও বিভিন্ন সেবার খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি আর্থিক চাপে রয়েছে। অন্যদিকে, প্রকৃত আয় কমে যাওয়া, বেসরকারি খাতে ঋণপ্রবাহের দুর্বলতা এবং ব্যাংক খাতের সংকট দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

    বাংলাদেশ ব্যাংকের এপ্রিল থেকে জুন সময়ের সর্বশেষ ত্রৈমাসিক পর্যালোচনা প্রতিবেদনে দেশের অর্থনীতির এমন চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতির চাপ শুধু খাদ্যপণ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। পরিবহন, আবাসন, বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবা এবং যোগাযোগ খাতেও ব্যয় বেড়েছে।

    দেশে জ্বালানির মূল্য সমন্বয় এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে পণ্য ও সেবার মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ে সরাসরি প্রভাব ফেলছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য ও জ্বালানির দাম বাদ দিয়ে হিসাব করা মূল মূল্যস্ফীতিও বেড়েছে। এটি ইঙ্গিত করছে যে মূল্যবৃদ্ধির সমস্যা এখন আর শুধু সাময়িক সরবরাহ সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং অর্থনীতির বিভিন্ন খাতে মূল্যস্ফীতির প্রভাব বিস্তৃত হয়েছে।

    ভালো ফলনের কারণে চালের দাম কিছুটা কমলেও সবজি ও ফলের উচ্চমূল্য পরিবারের ব্যয়ের ওপর চাপ বজায় রেখেছে। একই সময়ে শ্রমিক ও কর্মজীবী মানুষের মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির তুলনায় কম রয়েছে।

    ফলে আয় কিছুটা বাড়লেও সেই অর্থ দিয়ে আগের মতো পণ্য ও সেবা কেনা সম্ভব হচ্ছে না। বিশেষ করে সীমিত আয়ের পরিবারগুলোকে খাদ্য, বাসাভাড়া, যাতায়াতসহ প্রয়োজনীয় খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

    বেসরকারি খাতে ঋণপ্রবাহে বড় ধীরগতি

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এপ্রিল থেকে জুন প্রান্তিকে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রেখেছিল। তবে উচ্চ সুদহার ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আশানুরূপ হয়নি।

    জুন মাসে বেসরকারি খাতের ঋণপ্রবৃদ্ধি নেমে আসে ৪ দশমিক ৪৭ শতাংশে। অথচ এ খাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্য ছিল ৮ দশমিক ৫ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের মতে, ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বৃদ্ধি, বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ঋণ বিতরণে সতর্কতা বেড়েছে। ফলে নতুন ব্যবসা সম্প্রসারণ এবং শিল্প খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

    অন্যদিকে, ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ৩০ শতাংশের বেশি বেড়েছে। এতে বেসরকারি খাতের জন্য ঋণযোগ্য অর্থের প্রাপ্যতা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    অর্থনীতিবিষয়ক এই পর্যালোচনায় বলা হয়েছে, সরকারি ঋণের চাপ বাড়তে থাকলে বেসরকারি ব্যবসা, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আরও সীমিত হতে পারে।

    খেলাপি ঋণে বিপর্যস্ত ব্যাংক খাত

    দেশের ব্যাংক খাতের দুর্বল আর্থিক অবস্থাও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসে ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। একই সঙ্গে সামগ্রিক ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার অবস্থান ঋণাত্মক হয়ে পড়েছে।

    এটি ব্যাংকগুলোর আর্থিক ঝুঁকি মোকাবিলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

    প্রতিবেদনে আরও দেখা যায়, দেশের মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশি মাত্র ১৫টি ব্যাংকে কেন্দ্রীভূত রয়েছে। ফলে এসব ব্যাংকের আর্থিক দুর্বলতা পুরো ব্যাংক খাতের স্থিতিশীলতার জন্য উদ্বেগ তৈরি করছে।

    এদিকে, অনেক ব্যাংকের হাতে উদ্বৃত্ত তারল্য থাকলেও তারা নতুন ঋণ বিতরণে আগ্রহ দেখাচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এটি বাস্তব অর্থনীতিতে ঋণের দুর্বল চাহিদারও প্রতিফলন।

    অর্থাৎ ব্যাংকে অর্থ থাকলেও বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমে সেই অর্থ প্রত্যাশিত মাত্রায় প্রবাহিত হচ্ছে না।

    আমদানি ব্যয় বেড়েছে প্রায় এক-তৃতীয়াংশ

    অভ্যন্তরীণ অর্থনীতিতে নানা চাপ থাকলেও দেশের বৈদেশিক খাতের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসীদের পাঠানো অর্থ এবং বিদেশি অর্থায়ন এই স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করেছে।

    তবে আমদানি ব্যয় বৃদ্ধির বিষয়টি নতুন উদ্বেগ হিসেবে সামনে এসেছে। পর্যালোচনাকালে দেশের আমদানি বিল প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। এর প্রধান কারণ ছিল জ্বালানি তেল আমদানিতে বেশি অর্থ ব্যয়।

    কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেশি থাকলে দেশের বৈদেশিক লেনদেনে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

    একই সঙ্গে বিশ্ববাজারে তৈরি পোশাকের চাহিদা কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে বিমান চলাচল বিঘ্নিত হওয়ার কারণে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হলে বৈদেশিক খাত আরও ঝুঁকির মুখে পড়তে পারে।

    এসব ঝুঁকি কমাতে রপ্তানি বাজার ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের জন্য নতুন গন্তব্য তৈরির পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    মূল্যস্ফীতি কমাতে যেসব উদ্যোগের পরামর্শ

    সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের মতে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে লক্ষ্যভিত্তিক ভর্তুকি এবং ফ্যামিলি কার্ডের আওতায় সহায়তা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

    একই সঙ্গে বাজারে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি এবং অসাধু উপায়ে দাম বাড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানো এবং কৃষি উৎপাদন বাড়ানোর পরামর্শও দিয়েছে। কৃষিপণ্যের সরবরাহ বৃদ্ধি পেলে খাদ্যপণ্যের বাজারে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

    এদিকে, এপ্রিল-জুন প্রান্তিকের পর বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছে। এটি গত ছয় বছরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত।

    পাশাপাশি সংকটে থাকা শিল্পপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ব্যবসা এবং কৃষি খাতকে সহায়তা দিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

    তবে বাংলাদেশ ব্যাংক মনে করছে, শুধু সুদহার কমালেই বেসরকারি খাতে ঋণপ্রবাহ স্বাভাবিক হবে না। ব্যাংকগুলোর ঋণের মানের অবনতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগের দুর্বল চাহিদা অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বড় বাধা হয়ে রয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমতে পারে। তবে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও সরবরাহব্যবস্থার সমস্যা এবং বৈশ্বিক অনিশ্চয়তা এখনো ঝুঁকি হিসেবে রয়ে গেছে।

    সব মিলিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা করা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দেশের ৪৭ শতাংশ সম্পদ মাত্র ১ শতাংশ পরিবারের হাতে

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    পোশাক রপ্তানির আয়ের ৩৬ শতাংশই যাচ্ছে কাঁচামাল আমদানিতে

    নভেম্বর 23, 2026
    বাণিজ্য

    হাটহাজারীর সুগন্ধি লাল মরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্যে, বাড়ছে রপ্তানির সম্ভাবনা

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.