রোববার (১৫ নভেম্বর) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এর আয়োজন করেছে। প্রদর্শনী চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।
এবারের আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, মরক্কো, আলজেরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী এবং সোর্সিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। স্থানীয় উৎপাদক ও রপ্তানিকারকদের সঙ্গে তাঁদের সরাসরি যোগাযোগ এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগ করে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রদর্শনীতে তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, আসবাব ও গৃহসজ্জা, ওষুধ, তথ্যপ্রযুক্তি, কাগজ ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার খাতের পণ্য তুলে ধরা হচ্ছে। গত বছরের প্রথম আয়োজনে আটটি খাতের প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এবার নতুন করে অটোমোবাইল ও বাইসাইকেল, কাগজ ও প্যাকেজিং, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার যুক্ত হয়েছে।
তিন দিনের এ আয়োজনে চারটি বিশেষ সেমিনার, বিদেশি ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক বৈঠক (বি-টু-বি), কারখানা পরিদর্শন, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর ব্যবস্থা রয়েছে। সেমিনারগুলোতে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ), ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), টেকসই প্যাকেজিং এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ও কমপ্লায়েন্সের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. খালেদ হোসেন মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

