দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপজেলা ভোলায় গ্যাস অনুসন্ধানে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জেলার নতুন গ্যাসকূপ ভোলা নর্থ-৩ থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। ইতোমধ্যে কূপটির খননকাজ শেষ হয়েছে। এখন গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা যাচাইয়ে চলছে বিশেষ পরীক্ষা।
রোববার সকাল ৮টা ২০ মিনিটে কূপটিতে গ্যাসের প্রবাহ পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষার অংশ হিসেবে আগুন প্রজ্বালন করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানির (বাপেক্স) তত্ত্বাবধানে কূপটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি ভোলার দশম গ্যাসকূপ।
প্রকল্প পরিচালক ও বাপেক্সের মহাব্যবস্থাপক প্রকৌশলী আহসানুল আমিন জানান, প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা গেছে। তবে পরীক্ষার চূড়ান্ত ফলাফল পাওয়ার পরই প্রকৃত উৎপাদন সক্ষমতা নিশ্চিত হওয়া যাবে।
গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩ কূপের খননকাজ শুরু হয়। ২২ অক্টোবর খনন শেষ হওয়ার পর ১৪ নভেম্বর প্রয়োজনীয় ছিদ্রকরণের কাজ সম্পন্ন করা হয়। কূপটির গভীরতা ৩ হাজার ৫২৬ মিটার পর্যন্ত। পরীক্ষার আগে কূপের অভ্যন্তরীণ ও উপরিভাগের পাইপলাইনের চাপ যাচাই করেও সন্তোষজনক ফল পাওয়া গেছে।
ভোলা অঞ্চলে এবারই প্রথম চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক গ্যাসকূপ খননের কাজ করেছে। এর আগে রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম জেলায় সাতটি কূপ খনন করেছিল। নতুন এই প্রকল্পের আওতায় আরও কয়েকটি কূপ খননের পরিকল্পনা রয়েছে।
১৯৯৫ সালে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কারের পর জেলায় গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথম কূপে আগুন প্রজ্বালন করেন। পরবর্তী সময়ে আরও আটটি কূপ খনন করা হয়। ভোলা নর্থ-৩ যুক্ত হওয়ায় জেলায় সম্পন্ন হওয়া গ্যাসকূপের সংখ্যা দাঁড়াল ১০টিতে।
বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, জেলায় আরও চারটি কূপ খনন করা হবে। এসব কূপের জন্য প্রয়োজনীয় স্থানও নির্ধারণ করা হয়েছে। চলমান প্রকল্পে ভোলা নর্থ-৪, শাহবাজপুর-৫, শাহবাজপুর-৭ এবং শাহবাজপুর নর্থ ইস্ট-১ কূপ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে প্রথম তিনটি মজুত যাচাই ও উন্নয়নমূলক কূপ এবং শেষটি অনুসন্ধানমূলক কূপ। ভোলা নর্থ-৩-এর কাজ শেষ হলে শাহবাজপুর নর্থ ইস্ট-১ কূপের খনন শুরু হওয়ার কথা রয়েছে।
বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলার শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা—এই তিনটি আবিষ্কৃত গ্যাসক্ষেত্রে ভূগর্ভে প্রায় ২ দশমিক ০৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। এর মধ্যে প্রাথমিক হিসাবে ১ দশমিক ৪৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনযোগ্য বলে ধারণা করা হয়েছে।
২০২৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত বৃহত্তর পরিকল্পনার আওতায় ভোলায় মোট ১০টি নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কূপ থেকে প্রত্যাশিত পরিমাণ গ্যাস পাওয়া গেলে প্রতিদিন ২৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হতে পারে।
নতুন গ্যাসকূপের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হলেও নিজেদের দৈনন্দিন জীবনে এই সম্পদের সুবিধা না পাওয়ার অভিযোগ রয়েছে তাঁদের। জেলায় বিপুল গ্যাস মজুত থাকার পরও আবাসিক সংযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তাঁরা স্থানীয়ভাবে গ্যাস ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।
ভোলার ব্যবসায়ী ও নাগরিক কমিটির প্রতিনিধি মাহাবুব মোর্শেদ বাবুল জানান, জেলায় প্রতিদিন ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হলেও বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র ৬৫ মিলিয়ন ঘনফুট। অথচ আবাসিক ও গৃহস্থালি কাজে দৈনিক মাত্র ১ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন কূপসহ চলমান অনুসন্ধান কার্যক্রম সফল হলে জাতীয় জ্বালানি সরবরাহে ভোলার অবদান আরও বাড়বে। একই সঙ্গে জেলার মানুষও যেন নিজেদের এলাকার গ্যাসসম্পদের সুফল পান, সেই ব্যবস্থা নিশ্চিত করার দাবি তাঁদের।

