বাংলাদেশের প্রবাসী আয়ের বড় একটি অংশ আসছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ থেকে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের মোট প্রবাসী আয়ের ৪৪ দশমিক ৬ শতাংশ এসেছে এসব দেশ থেকে। দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। এর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন থেকে এসেছে ৫১১ কোটি ৪১ লাখ ৯০ হাজার ডলার।
একক দেশ হিসেবে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরব। চার মাসে দেশটি থেকে বাংলাদেশে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার, যা দেশের মোট প্রবাসী আয়ের ১৯ দশমিক ২ শতাংশ।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে এসেছে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার, যা মোট প্রবাসী আয়ের ৯ শতাংশ।
এ ছাড়া কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার, কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার এবং বাহরাইন থেকে ২২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার এসেছে। মোট প্রবাসী আয়ে দেশগুলোর অবদান যথাক্রমে ৫ দশমিক ৪, ৪ দশমিক ৮, ৪ দশমিক ৩ এবং প্রায় ২ শতাংশ।
মাসভিত্তিক হিসাবেও ছয়টি দেশের উল্লেখযোগ্য অবদানের চিত্র পাওয়া গেছে। জুলাই মাসে এসব দেশ থেকে এসেছে ১২৯ কোটি ৯০ লাখ ডলার, যা ওই মাসের মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ।
আগস্টে ছয় দেশ থেকে প্রবাসী আয় এসেছে ১২৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার, যা মোট আয়ের ৪২ দশমিক ৬ শতাংশ। সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল ১২৪ কোটি ৭০ লাখ ১০ হাজার ডলার বা মোট আয়ের ৪৫ দশমিক ১ শতাংশ।
অক্টোবর মাসে ছয় দেশ থেকে প্রবাসী আয় বেড়ে দাঁড়ায় ১৩০ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলারে। ওই মাসে দেশের মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ এসেছে এসব দেশ থেকে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, উপসাগরীয় দেশগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় আসার বিষয়টি ওই অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে।
তিনি আরও বলেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। পাশাপাশি প্রবাসীরা তাঁদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার ওপর ক্রমেই বেশি আস্থা রাখছেন, যা এ প্রবণতায় প্রতিফলিত হচ্ছে।

