নতুন মজুরি কাঠামো ঘোষণার পর ভবিষ্যতে আর কোনো মজুরি বোর্ড গঠনের পক্ষে নন পোশাক কারখানার মালিকরা। কয়েক বছর পরপর মজুরি নতুন করে নির্ধারণের দাবিতে যে অস্থিরতা ও সহিংসতা তৈরি হয়, তা থেকে বেরিয়ে আসতে তাঁরা চান প্রতি বছর একটি নির্দিষ্ট সূত্র অনুযায়ী শ্রমিকের বেতন স্বয়ংক্রিয়ভাবে বাড়ুক। আগামী ২৩ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠকে নতুন মজুরির প্রস্তাবের পাশাপাশি এই বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাবও তুলে ধরার পরিকল্পনা করছেন শিল্পনেতারা।
বর্তমানে পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আন্দোলন চলছে। শ্রমিকদের আন্দোলন একাধিকবার সহিংস রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে মালিকপক্ষ মনে করছে, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ষিক বেতনবৃদ্ধির একটি স্থায়ী ব্যবস্থা থাকলে বারবার মজুরি বোর্ড গঠনের প্রয়োজনই পড়বে না।
পোশাকমালিকদের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, মজুরি বোর্ড প্রথা তুলে দেওয়ার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। প্রস্তাবিত কাঠামোতে দেশের সার্বিক মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, এবং একটি পরিবারের চিকিৎসা ও শিক্ষা খাতের খরচ হিসাবে নিয়ে প্রতি বছর বেতন বাড়ানোর হার নির্ধারিত হবে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এ বছরের নতুন ন্যূনতম মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। তবে ভবিষ্যতে মজুরি বোর্ড গঠন ও মজুরি নির্ধারণ নিয়ে যেন পোশাক খাতে আর অস্থিরতা না হয়, সে জন্যই বোর্ড ও সরকারের কাছে এই প্রস্তাব রাখা হবে। তাঁর বক্তব্য, সরকার বা মজুরি বোর্ড এমন একটি সূত্র ঠিক করে দিক, যার ভিত্তিতে আলাদা বোর্ড ছাড়াই প্রতি বছর নির্ধারিত হারে শ্রমিকের বেতন বাড়বে। তিনি আরও জানান, বিজিএমইএ এককভাবে নয়, শ্রমিক ফেডারেশন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে যৌথভাবে এই প্রস্তাব দেওয়া হবে।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, প্রতিবারই মজুরি বোর্ড গঠনের দাবিতে আন্দোলন শুরু হয় এবং তা দীর্ঘদিন চলে। এতে কারখানায় ভাঙচুর হয়, উৎপাদন ব্যাহত হয়। এবারও একই চিত্র দেখা যাচ্ছে, যা তাঁরা আর চান না। তাঁর মতে, বর্তমান মজুরি বোর্ড যদি বার্ষিক বেতনবৃদ্ধির একটি সূত্র তৈরি করে দেয়, তাহলে শ্রম আইন সংশোধন করে ভবিষ্যতে নতুন বোর্ড গঠনের প্রয়োজনীয়তা শেষ করা সম্ভব। এতে শ্রমিকরা প্রতি বছর কতটা বেতন বাড়বে, তা আগে থেকেই জানতে পারবেন। অন্যদিকে, উৎপাদন খরচের আগাম হিসাব থাকায় মালিকরাও বিদেশি ক্রেতাদের সঙ্গে পণ্যের দাম নিয়ে আলোচনায় সুবিধা পাবেন।
গাজীপুর, আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে শ্রমিক অসন্তোষ চলছে। এই প্রেক্ষাপটেই মালিকপক্ষ এ উদ্যোগ নিয়েছে। মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে ওই এলাকাগুলোর শ্রমিকরা কর্মবিরতি, সড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুর করেছেন।
দীর্ঘ কর্মবিরতির কারণে বেশ কয়েকটি কারখানার মালিক শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, বেতন নেই’ নীতিতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছেন। এতে শিল্পের আর্থিক ক্ষতি আরও বেড়েছে।
গত সোমবার পর্যন্ত টানা দুই দিন পরিস্থিতি শান্ত থাকলেও মঙ্গলবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
মালিকদের এই প্রস্তাব নতুন কোনো ধারণা নয়। ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য প্রায় একই ধরনের সুপারিশ করেছিল। কমিশন নির্দিষ্ট সময় পরপর বেতন কমিশন গঠনের প্রথা বন্ধ করে প্রতি বছরের ১ জুলাই স্বয়ংক্রিয়ভাবে ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট চালুর পরামর্শ দিয়েছিল। একই সঙ্গে মূল্যস্ফীতি ৫ শতাংশ ছাড়ালে বেতনবৃদ্ধির হার আরও বাড়ানোর কথাও বলা হয়েছিল।
তখন অর্থ মন্ত্রণালয় মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের এই পদ্ধতি স্থগিত রাখে। পরে তীব্র মূল্যস্ফীতির চাপে সরকারকে সাময়িক ব্যবস্থা নিতে হয়। সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার ২০২৪ সালে মূল বেতনের ওপর ৫ শতাংশ বিশেষ প্রণোদনা চালু করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ হার বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ ১৪০ শতাংশ বেতন বাড়িয়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয়েছে।
পোশাক খাতে বর্তমানে ২০২৩ সালে ঘোষিত মজুরি কাঠামো চালু রয়েছে। এতে মূল্যস্ফীতির হার যা-ই হোক, শ্রমিকরা প্রতি বছর নির্দিষ্ট হারে ৫ শতাংশ ইনক্রিমেন্ট পান। অর্থাৎ বার্ষিক বেতনবৃদ্ধির একটি ব্যবস্থা এখনই আছে। তবে মালিকদের নতুন প্রস্তাবে এই হার মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে।
নতুন মজুরি নিয়ে মালিক ও শ্রমিকের অবস্থানে বড় ব্যবধান রয়েছে। শ্রমিক প্রতিনিধিরা ইতিমধ্যে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন। মালিকপক্ষের ১৬ নভেম্বর প্রস্তাব দেওয়ার কথা ছিল, কিন্তু ওই দিনের সভা স্থগিত হওয়ায় এখন ২৩ নভেম্বরের বৈঠকে তা জমা দেওয়া হবে।
পোশাক শিল্প-সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, মালিকদের প্রস্তাবিত মজুরিবৃদ্ধির হার ২০২৩ সালে অনুমোদিত ৫৬ শতাংশের চেয়ে কম হতে পারে। সে সময় মালিকরা বার্ষিক প্রায় ১১ শতাংশ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ধরে পাঁচ বছরের জন্য ৫৬ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন। তবে মজুরি বোর্ড সেই মেয়াদ কমিয়ে তিন বছর নির্ধারণ করে।
আগামী মাস থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার কথা থাকলেও গাজীপুর, আশুলিয়া ও সাভারের চলমান বিক্ষোভকে শিল্পের জন্য অত্যন্ত ক্ষতিকর ও অনাকাঙ্ক্ষিত বলছেন কারখানা মালিকরা। তাঁরা আশা করছেন, দুই পক্ষের প্রস্তাব বিবেচনা করে সরকার মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে এবং আগের মতো এবারও দুই পক্ষের দূরত্ব কমাতে সহায়তা করবে।
গত চার দশকে পোশাক খাতের প্রবেশপর্যায়ের ন্যূনতম মজুরি সাতবার নতুন করে নির্ধারণ করা হয়েছে। ১৯৮৬ সালে এ মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা বেড়ে হয় ৯৩০ টাকা, ২০০৬ সালে ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা, ২০১০ সালে ৩ হাজার টাকা, ২০১৩ সালে ৫ হাজার ৩০০ টাকা এবং ২০১৮ সালে ৮ হাজার টাকা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে তা ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।

