উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন খাতে অর্থায়নের নতুন উৎস পেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) সোমবার বাংলাদেশকে তাদের অর্থায়নের যোগ্য দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এর ফলে সংস্থাটির কাছ থেকে ঋণ, বিনিয়োগসহ নানা সুবিধার জন্য এখন আবেদন করতে পারবে বাংলাদেশ।
ডিএফসি তাদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এতে বিনিয়োগের ঘাটতি কমবে এবং তহবিলের অভাবে আটকে থাকা বাণিজ্যিকভাবে লাভজনক উদ্যোগ বাস্তবায়নের পথ খুলবে। এর মাধ্যমে কর্মসংস্থান তৈরি, জরুরি সেবার মানোন্নয়ন ও স্থানীয় ব্যবসা শক্তিশালী হবে বলে সংস্থাটি আশা করছে।
ডিএফসির সুবিধার আওতায় সরাসরি ঋণ ও প্রকল্প অর্থায়ন পাওয়া যাবে। বেসরকারি খাতে ইকুইটি বিনিয়োগেরও সুযোগ থাকবে। এ ছাড়া অন্য কোনো উৎস থেকে নেওয়া ঋণের ক্ষেত্রে পরিশোধের নিশ্চয়তা ও ঝুঁকি সুরক্ষার জন্য ডিএফসির বিমা ও গ্যারান্টি সুবিধাও মিলবে। সব মিলিয়ে সংস্থাটি ছয় ধরনের সহায়তা দেয়। এর মধ্যে আছে ২৫ বছর মেয়াদি সরাসরি ঋণ, বেসরকারি খাতের মূলধন-ঘাটতি পূরণে ঋণ ও ইকুইটি এবং মুদ্রা বিনিময়ের অস্থিরতা, সরকারি হস্তক্ষেপ, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষতি পুষিয়ে নিতে বিমা সুরক্ষা।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, অর্থনৈতিক চাপের এ সময়ে অর্থায়নের নতুন একটি উৎস পাওয়া গেল। তাঁর মতে, ডিএফসি নিজে বড় অঙ্কের ঋণ না দিলেও তাদের বিমা ও গ্যারান্টির কারণে অন্য উৎস থেকে বড় ঋণ ও বিনিয়োগ পাওয়া সহজ হবে। ডিএফসির মতো সংস্থা পাশে থাকলে বড় ঋণদাতারা ঝুঁকি তুলনামূলক কম মনে করবেন। ফলে ঋণের মেয়াদ বাড়ানো ও সুদ কমানোর বিষয়ে তাদের সঙ্গে দর-কষাকষির সুযোগ পাবে বাংলাদেশ।
ডিএফসি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালে সংস্থাটির কার্যক্রম সম্প্রসারণের ক্ষমতা দেওয়া হয়। বাংলাদেশ যুক্ত হওয়ায় সংস্থাটির ঋণের যোগ্য দেশের সংখ্যা এখন ১৯২। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কাও এই তালিকায় আছে। এ পর্যন্ত সংস্থাটি বিভিন্ন দেশকে ৪০ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে এবং ৭০ কোটি ডলারের গ্যারান্টি দিয়েছে।
ডিএফসি মূলত সাতটি খাতে বিনিয়োগ করে। খাতগুলো হলো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, অবকাঠামো ও লজিস্টিকস, জ্বালানি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, কৃষি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সেবা। এসব খাতের প্রকল্প বাস্তবায়নে এখন থেকে বাংলাদেশ সংস্থাটির কাছে ঋণ চাইতে পারবে।
তবে অর্থায়ন পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রকল্প বা ব্যবসাকে অবশ্যই ডিএফসির কার্যক্রমের আওতাভুক্ত দেশে হতে হবে এবং পরিবেশ, শ্রমিক অধিকার, মানবাধিকার ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার মানদণ্ড মানতে হবে। প্রকল্পটি সংস্থার উন্নয়ন অগ্রাধিকার বা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যবসার ব্যবস্থাপনা দলের পর্যাপ্ত দক্ষতা এবং একই ধরনের ব্যবসায় সাম্প্রতিক সফলতার প্রমাণিত রেকর্ড থাকতে হবে, যা আর্থিক বিবরণী দিয়ে দেখাতে হবে। পাশাপাশি বেসরকারি ঋণদাতাদের কাছ থেকে অর্থায়নের চেষ্টা করা হয়েছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হবে, কারণ ডিএফসি বেসরকারি ঋণদাতাদের সঙ্গে প্রতিযোগিতা না করে তাদের পরিপূরক হিসেবে কাজ করে।

