দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।
স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের পাশাপাশি নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না বলে জানিয়েছে বাজুস।
সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর থাকবে।
এর আগে গত ১৪ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিনও প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৩ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
শুধু স্বর্ণ নয়, দেশের বাজারে কমেছে রুপার দামও। এবার প্রতি ভরিতে ১১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা। ২১ ক্যারেটের রুপার প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১০০ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৭৯ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৪৩ বার কমানো হয়েছে। তুলনায় ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মাত্র ১৩ বার। সে বছর ১০ বার দাম বাড়ানো এবং ৩ বার কমানো হয়েছিল।

