দেশের এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বর্তমানে এ ব্যবস্থায় খোলা মোট ব্যাংক হিসাবের প্রায় অর্ধেকই নারীদের নামে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ২ কোটি ৭৮ লাখ হিসাব খোলা হয়েছে। এর মধ্যে প্রায় ১ কোটি ৩৮ লাখ হিসাব নারীদের। অর্থাৎ মোট হিসাবের প্রায় অর্ধেকই নারী গ্রাহকদের দখলে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে নারীদের ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ১ দশমিক ৯১ শতাংশ। একই সময়ে পুরুষদের হিসাব বৃদ্ধির হার ছিল এর চেয়ে কম।
প্রচলিত ব্যাংকের শাখা যেখানে সহজে পৌঁছানো যায় না, বিশেষ করে গ্রামাঞ্চলে, সেখানে এজেন্টদের পরিচালিত সেবাকেন্দ্রের মাধ্যমে গ্রাহকেরা ব্যাংকিং সুবিধা নিতে পারেন। ফলে শহরের বাইরে সাধারণ মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৩০টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছে। এসব ব্যাংকের অধীনে সারা দেশে ২০ হাজার ৬০০টির বেশি সেবাকেন্দ্র রয়েছে। আগের প্রান্তিকের তুলনায় এজেন্ট ব্যাংকিং সেবাকেন্দ্রের সংখ্যা বেড়েছে শূন্য দশমিক ৪১ শতাংশ এবং এজেন্টের সংখ্যা বেড়েছে শূন্য দশমিক ৫৪ শতাংশ।
এ সময়ে এজেন্ট ব্যাংকিংয়ের মোট হিসাবের সংখ্যাও প্রায় ২ শতাংশ বেড়েছে। এসব হিসাবের ৮৫ শতাংশই গ্রাহকদের গ্রামীণ এলাকার। এতে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ব্যবস্থার গুরুত্ব স্পষ্ট হয়ে উঠেছে।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানতের পরিমাণও বেড়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এ খাতে জমার পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ হাজার ১০৮ কোটি টাকা, যা আগের প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৩১ শতাংশ বেশি। অন্যদিকে, এ ব্যবস্থার মাধ্যমে বিতরণ করা ঋণের পরিমাণ ৭ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৪৪ হাজার ১১০ কোটি টাকায় পৌঁছেছে।
বর্তমানে ২৩টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবাকেন্দ্রের মাধ্যমে ঋণ দিচ্ছে। ফলে শুধু টাকা জমা বা উত্তোলন নয়, গ্রাহকদের ঋণ পাওয়ার সুযোগ তৈরিতেও এ ব্যবস্থা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
প্রবাসীদের পাঠানো অর্থ বিতরণেও এজেন্ট ব্যাংকিংয়ের ভূমিকা বাড়ছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এ ব্যবস্থার মাধ্যমে দেশে আসা প্রবাসী আয় বিতরণের পরিমাণ ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ২ লাখ ২০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রাপকদের কাছে অর্থ পৌঁছে দিতে এসব সেবাকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিবেদনে এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা হিসেবেও নারীদের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত ২৮টি ব্যাংকের অধীনে নারীদের মালিকানায় ২ হাজার ২৪৪টি সেবাকেন্দ্র ছিল। এসব কেন্দ্র পরিচালিত হচ্ছে ১ হাজার ৮৮২টি নারী মালিকানাধীন এজেন্ট পয়েন্টের মাধ্যমে।
নারীদের পরিচালিত এসব সেবাকেন্দ্রের মাধ্যমে প্রায় ২৫ লাখ ব্যাংক হিসাব পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৮৩ শতাংশ হিসাবই গ্রামীণ এলাকার গ্রাহকদের। এসব কেন্দ্রে মোট আমানতের পরিমাণ ৪ হাজার ৮২২ কোটি টাকা। পাশাপাশি ৩ হাজার ৫৮২ কোটি টাকার ঋণ বিতরণ এবং ৫ হাজার ৫৪৬ কোটি টাকার প্রবাসী আয় পৌঁছে দেওয়া হয়েছে।
নারীদের এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা হিসেবে আরও বেশি সম্পৃক্ত করতে বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের মে মাসে একটি নির্দেশনা জারি করে। এতে ব্যাংকগুলোকে নারী ও পুরুষ মালিকানাধীন সেবাকেন্দ্রের অনুপাত সমান রাখার শর্ত দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এ উদ্যোগের ফলে এজেন্ট ব্যাংকিং খাতে নারীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ আরও বাড়বে।

