Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » লিজিং খাতে ধস, ২৩ কোম্পানির ১৩টিই লোকসানে, ক্ষতি দেড় হাজার কোটি টাকা
    অর্থনীতি

    লিজিং খাতে ধস, ২৩ কোম্পানির ১৩টিই লোকসানে, ক্ষতি দেড় হাজার কোটি টাকা

    নিউজ ডেস্কনভেম্বর 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা লিজিং খাতের সংকট দিন দিন আরও গভীর হচ্ছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩টি লিজিং কোম্পানির মধ্যে ১৩টিই লোকসানে পড়েছে। অনেক প্রতিষ্ঠানের নিট সম্পদমূল্য ঋণাত্মক হয়ে গেছে। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতাও হারিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। পরিস্থিতি এতটাই খারাপ যে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর আমানত ফেরাতে সরকারের কাছে হাজার কোটি টাকার বেশি অনুদান চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

    সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২৩টি কোম্পানির মধ্যে ১৩টি সম্মিলিতভাবে লোকসান করেছে ১ হাজার ৪৪৪ কোটি টাকা। বিপরীতে মুনাফা করেছে সাতটি প্রতিষ্ঠান, যাদের মোট মুনাফা ৩৫৩ কোটি টাকা। বাকি তিনটি প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও উত্তরা ফাইন্যান্স দীর্ঘদিন ধরে নিয়মিত আর্থিক প্রতিবেদনই প্রকাশ করছে না।

    প্রতিবেদন প্রকাশ করা ২০টি প্রতিষ্ঠানের চিত্র আরও উদ্বেগজনক। এর মধ্যে ১৩টি লোকসানে রয়েছে। ১৪টির শেয়ারপ্রতি সম্পদমূল্য ঋণাত্মক। ১১টির পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক, অর্থাৎ দৈনন্দিন ব্যবসা থেকে নগদ অর্থ আসার বদলে বেরিয়ে যাচ্ছে। লোকসান, নগদ সংকট ও ঋণাত্মক সম্পদমূল্য, এই তিন সূচকেই খারাপ অবস্থানে আছে নয়টি প্রতিষ্ঠান।

    শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩টি লিজিং কোম্পানির মধ্যে ১৩টিই লোকসানের মধ্যে পতিত হয়েছে

    লোকসানের তালিকায় সবচেয়ে বড় অঙ্ক পিপলস লিজিংয়ের। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান ১০ টাকা ২১ পয়সা। মোট শেয়ারসংখ্যা ২৮ কোটি ৫৪ লাখের বেশি হওয়ায় এই সময়ে মোট লোকসান দাঁড়িয়েছে ২৯১ কোটি ৪৩ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে ফিনিক্স ফাইন্যান্স। শেয়ারপ্রতি ১১ টাকা ৩ পয়সা লোকসানে প্রতিষ্ঠানটির মোট লোকসান ১৮২ কোটি ৯৬ লাখ টাকা।

    জুলাই থেকে সেপ্টেম্বর, এই তিন মাসে আইসিবির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯ পয়সা, যা মোট প্রায় ১৮১ কোটি ২৬ লাখ টাকার সমান। ফাস ফাইন্যান্স শেয়ারপ্রতি ১০ টাকা ৩৪ পয়সা লোকসান করায় তাদের মোট লোকসান ১৫৪ কোটি ১৫ লাখ টাকা। ইন্টারন্যাশনাল লিজিংয়ের লোকসান ১৪৮ কোটি ৮৩ লাখ টাকা, জিএসপি ফাইন্যান্সের ১১৮ কোটি ৪৩ লাখ টাকা এবং মাইডাস ফাইন্যান্সের ৯০ কোটি ২২ লাখ টাকা।

    নয় মাসের হিসাবে প্রিমিয়ার লিজিংয়ের লোকসান ৬২ কোটি ৬৩ লাখ টাকা, ফারইস্ট ফাইন্যান্সের ৬১ কোটি ৫২ লাখ টাকা এবং বিআইএফসির ৪৯ কোটি ৮৪ লাখ টাকা। ফার্স্ট ফাইন্যান্স লোকসান করেছে ৪৩ কোটি ৫১ লাখ টাকা, ইসলামী ফাইন্যান্স ৩৬ কোটি ৬৩ লাখ টাকা। আর জানুয়ারি থেকে জুন, এই ছয় মাসের হিসাবে বে লিজিংয়ের লোকসান ২২ কোটি ৪০ লাখ টাকা।

    অধিকাংশ প্রতিষ্ঠান যখন লোকসানে, তখন কয়েকটি প্রতিষ্ঠান তুলনামূলক ভালো অবস্থানে আছে। নয় মাসে সবচেয়ে বেশি মুনাফা করেছে আইডিএলসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ৪ টাকা ৫১ পয়সা, মোট মুনাফা ২০৬ কোটি ৭০ লাখ টাকা। ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ৮০ কোটি ৭৪ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় ৩ টাকা ৯৮ পয়সা। আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা ৩৫ কোটি ২৩ লাখ টাকা। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স মুনাফা করেছে ১২ কোটি ১০ লাখ টাকা, বিডি ফাইন্যান্স ১১ কোটি ২৯ লাখ টাকা, ইউনাইটেড ফাইন্যান্স ৬ কোটি ৫৫ লাখ টাকা এবং ইউনিয়ন ক্যাপিটাল ১৭ লাখ টাকা।

    নিট সম্পদমূল্য বা এনএভির চিত্র সবচেয়ে উদ্বেগজনক। সেপ্টেম্বর শেষে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি এনএভি ঋণাত্মক হয়ে গেছে। এর অর্থ, এসব প্রতিষ্ঠানের দায় তাদের সম্পদের চেয়েও বেশি। ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি এনএভি ঋণাত্মক ২১৯ টাকা ৩ পয়সা। পিপলস লিজিংয়ের ঋণাত্মক ১৬৪ টাকা ৮৩ পয়সা, এফএএস ফাইন্যান্সের ১৫৮ টাকা ৩৯ পয়সা, বিআইএফসির ১৩৮ টাকা ৫৩ পয়সা, ফিনিক্স ফাইন্যান্সের ১১৩ টাকা ৪৯ পয়সা এবং প্রিমিয়ার লিজিংয়ের ১০১ টাকা ৬ পয়সা। ইউনিয়ন ক্যাপিটালের ঋণাত্মক ৬৫ টাকা ৪৭ পয়সা, ফারইস্ট ফাইন্যান্সের ৫৪ টাকা ২৩ পয়সা ও ফার্স্ট ফাইন্যান্সের ৪৯ টাকা ৬৮ পয়সা। বিপরীতে ডিবিএইচ, আইডিএলসি, আইপিডিসি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্সের এনএভি ইতিবাচক।

    নগদ প্রবাহেও দুর্বলতা স্পষ্ট। বিআইএফসির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ আগের ইতিবাচক ৫ পয়সা থেকে নেমে ঋণাত্মক ১০ পয়সা হয়েছে। ইউনাইটেড ফাইন্যান্সের ক্ষেত্রে আগের বছরের ইতিবাচক ৮১ পয়সা থেকে নেমে ঋণাত্মক ৫ টাকা ৬৮ পয়সা হয়েছে। মাইডাস ফাইন্যান্সের ইতিবাচক ৩ টাকা ৩৮ পয়সা নেমে হয়েছে ঋণাত্মক ২ টাকা ৬৩ পয়সা। ফারইস্ট ফাইন্যান্সের ইতিবাচক ৩ পয়সা নেমে হয়েছে ঋণাত্মক ১৮ পয়সা। তবে সব প্রতিষ্ঠানের চিত্র একই নয়। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ প্রবাহ ৯ টাকা ১৯ পয়সা থেকে বেড়ে ৩৩ টাকা ৪৯ পয়সা হয়েছে। আইপিডিসির বেড়েছে ৬ টাকা ৯৯ পয়সা থেকে ১১ টাকা ৩৮ পয়সায়। জিএসপি ফাইন্যান্স ও পিপলস লিজিং ঋণাত্মক অবস্থা থেকে ইতিবাচক ধারায় ফিরেছে।

    খাতটির ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্টরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ জাগো নিউজকে বলেন, শেয়ারবাজারের বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছেন। যাঁরা এসব কোম্পানিতে টাকা দিয়েছেন বা আমানত রেখেছেন, তাঁরাও অর্থ ফেরত পাননি। তাঁর মতে, তিন-চারটি কোম্পানি ছাড়া বাকিগুলো টিকে থাকতে পারবে না এবং একসময় বন্ধ হয়ে যাবে।

    তিনি বলেন, প্রয়োজনের তুলনায় অনেক বেশি লিজিং কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছিল। সেগুলোর যথাযথ তদারকি হয়নি। দেশের অর্থনীতি এতগুলো প্রতিষ্ঠানের ভার বহনের মতো সক্ষম ছিল না। কিছু উদ্যোক্তা মানুষের টাকা নিয়ে প্রতারণা করেছেন। আবার কিছু প্রতিষ্ঠান ঋণ দিলেও তা আদায় করতে পারেনি, ফলে নিজেরাই সংকটে পড়েছে। আইসিবির লোকসান প্রসঙ্গে তিনি জানান, প্রতিষ্ঠানটি ১০ থেকে ১২ শতাংশ সুদে ঋণ নিয়ে লিজিং কোম্পানি ও বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছিল। কিন্তু ঋণগ্রহীতারা অর্থ ফেরত দিতে না পারায় আইসিবিও ক্ষতির মুখে পড়েছে।

    আবু আহমেদের মতে, আর্থিক খাতের বিভিন্ন অংশে অনিয়ম ও লুটপাট হয়েছে। লিজিং কোম্পানি, আইসিবি, শেয়ারবাজার ও ব্যাংক, কোনো খাতই এর বাইরে ছিল না। সব প্রতিষ্ঠানকে উদ্ধার করা সম্ভব নয়। কয়েকটি প্রতিষ্ঠান পুনর্গঠনের চেষ্টা করা গেলেও অধিকাংশকে আবার সচল করা কঠিন। তিনি আরও বলেন, বাজার অর্থনীতিতে এমন ব্যর্থতা অস্বাভাবিক নয় এবং সব প্রতিষ্ঠানকে যেকোনো মূল্যে টিকিয়ে রাখার চেষ্টা বাস্তবসম্মত নয়।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডার পরিচালক রিচার্ড ডি রোজারিও বলেন, অধিকাংশ লিজিং কোম্পানির আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ এবং তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম। তালিকাভুক্ত কোম্পানির অর্ধেকের বেশি লোকসানে থাকায় পুরো শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে। তাঁর মতে, এসব প্রতিষ্ঠানকে শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত করা উচিত, তবে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি জানান, ব্যাংকের চেয়ে অনেক বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে কিছু প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করেছিল। কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্য ছিল, যেগুলোকে কোনোভাবেই পুনরুজ্জীবিত করা সম্ভব নয়।

    এই সংকটের মধ্যেই আমানতকারীদের অর্থ ফেরাতে সরকারের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ধরে সংকটে থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ আমানতকারী, সমবায় তহবিল, প্রভিডেন্ট ফান্ড ও বিভিন্ন ট্রাস্ট ফান্ডের অর্থ ফেরত দিতে ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা অনুদান চাওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম অর্থ বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানিয়েছেন। আমানতকারীদের ঋণের সঙ্গে আমানত সমন্বয়ের পর অবশিষ্ট মূল অর্থ ফেরত দিতে এই টাকা লাগবে।

    ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫-এর ১৫ ধারা অনুযায়ী, দীর্ঘদিন সংকটাপন্ন ও কার্যকর হওয়ার সম্ভাবনা হারানো প্রতিষ্ঠানগুলোকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। প্রথম পর্যায়ে এ প্রক্রিয়ায় এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স কোম্পানি, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। আভিভা ফাইন্যান্স ছাড়া বাকি তিনটি শেয়ারবাজারে তালিকাভুক্ত।

    আমানতকারীদের অর্থ ফেরতের জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ একটি পরিশোধ কাঠামো অনুমোদন করেছে। পরিকল্পনা অনুযায়ী ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের শতভাগ ফেরত দেওয়া হবে। আমানতের অঙ্ক বাড়লে ধাপে ধাপে ফেরতের হার কমবে। কোনো আমানতকারীর ওই প্রতিষ্ঠানে ঋণ থাকলে তা সমন্বয় করে বাকি মূল আমানত ফেরত দেওয়া হবে। এই অর্থ বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রিস্ট্রাকচারিং ফান্ডে জমা দিতে সরকারি বরাদ্দ চাওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, বরাদ্দ মিললে দীর্ঘদিনের ভোগান্তিতে থাকা আমানতকারীদের দুর্দশা কমবে এবং আর্থিক খাতের প্রতি আস্থা ফেরার পথ তৈরি হবে।

    এই চার প্রতিষ্ঠানের বাইরে আরও পাঁচটি প্রতিষ্ঠানের আমানত ফেরাতে ভবিষ্যতে ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকা চাওয়া হবে। এর মধ্যে শুধু পিপলস লিজিংয়ের জন্য প্রয়োজন হতে পারে ৭১১ কোটি ৮৮ লাখ টাকা। বাকি চারটির জন্য প্রাক্কলিত অর্থ ৫৪৫ কোটি ১৫ লাখ টাকা। সব মিলিয়ে নয়টি প্রতিষ্ঠানের আমানত পরিশোধে সম্ভাব্য প্রয়োজনীয় অর্থ দাঁড়াতে পারে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা।

    পিপলস লিজিংয়ের অবসায়নসংক্রান্ত মামলা চলমান থাকায় প্রতিষ্ঠানটিকে এখনো রেজল্যুশন প্রক্রিয়ায় আনা যায়নি। আদালতের অনুকূল রায় পেলে এর আমানত ফেরাতে আলাদাভাবে সরকারের কাছে অর্থ চাওয়া হবে। এদিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিএসপি ফাইন্যান্স কোম্পানি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সকে কার্যকর অবস্থায় ফেরাতে তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ের মধ্যে তাদের জরুরি সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে।

    সব মিলিয়ে লিজিং খাতের সংকট এখন শুধু কয়েকটি কোম্পানির সমস্যা নয়। এটি আমানতকারী, শেয়ারবাজারের বিনিয়োগকারী এবং সামগ্রিক আর্থিক খাতের আস্থার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আমানতকারীরা কিছুটা স্বস্তি পেতে পারেন, তবে কোন প্রতিষ্ঠান টিকবে আর কোনটি বন্ধ হবে, সে প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মূল্যস্ফীতি সামান্য কমলেও কমছে না মানুষের জীবনযাত্রার ব্যয়

    নভেম্বর 18, 2026
    বাংলাদেশ

    রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    নভেম্বর 18, 2026
    অর্থনীতি

    জ্বালানি নিরাপত্তায় ভাসমান টার্মিনাল, দীর্ঘমেয়াদে বাড়বে কি ব্যয়ের বোঝা?

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.